গুয়াহাটি, ২১ নভেম্বর: অসমের স্কুলগুলিতে গুণোৎসব ২০২৭-এর সপ্তম পর্যায়ের মূল্যায়নের সময়সূচি বদলাল রাজ্য সরকার। পূর্বনির্ধারিত ১৯ জানুয়ারির পরিবর্তে মূল্যায়ন শুরু হবে ৬ জানুয়ারি থেকে। আসন্ন জনগণনার কথা মাথায় রেখে এ বার দু’দফায় গুণোৎসব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমগ্র শিক্ষা অসমের জারি করা সংশোধিত সূচি অনুযায়ী, প্রথম দফায় ২০টি জেলায় ৬ থেকে ৯ জানুয়ারি গুণোৎসব হবে। ৬ জানুয়ারি স্কুলগুলির স্ব-মূল্যায়ন হবে। ৭ থেকে ৯ জানুয়ারি চলবে বাহ্যিক মূল্যায়ন।
প্রথম দফায় রয়েছে বরপেটা, বজালি, কাছাড়, চিরাং, দরং, ধেমাজি, ধুবরি, ডিব্রুগড়, গোয়ালপাড়া, গোলাঘাট, যোরহাট, কামরূপ মহানগর, লখিমপুর, মাজুলি, মরিগাঁও, নলবাড়ি, শিবসাগর, শোণিতপুর, তিনসুকিয়া এবং পশ্চিম কার্বি আংলং।
দ্বিতীয় দফায় ১৫টি জেলায় গুণোৎসব হবে ১৯ থেকে ২২ জানুয়ারি। ১৯ জানুয়ারি স্ব-মূল্যায়ন এবং ২০ থেকে ২২ জানুয়ারি বাহ্যিক মূল্যায়ন হবে।
এই দফায় অন্তর্ভুক্ত জেলাগুলি হল বাক্সা, বিশ্বনাথ, বঙ্গাইগাঁও, চরাইদেউ, ডিমা হাসাও, হাইলাকান্দি, হোজাই, কামরূপ, কার্বি আংলং, কোকরাঝাড়, নগাঁও, দক্ষিণ শালমারা-মানকাচর, শ্রীভূমি, তামুলপুর এবং ওদালগুড়ি।
সমগ্র শিক্ষা অসমের কার্যনির্বাহী সঞ্চালক বিপুল কুমার দাস ২১ নভেম্বর সংশোধিত সূচি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বজালি জেলার গুণোৎসবের দায়িত্ব সামলাবে বরপেটা জেলা এবং তামুলপুর জেলার দায়িত্বে থাকবে বাক্সা জেলা। সপ্তম পর্যায়ের গুণোৎসব উপলক্ষে জেলা আধিকারিকদের নতুন নির্দেশিকাও পাঠানো হয়েছে।