নয়াদিল্লি: শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে এআইআইএমএসে মৃত্যু হল বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিক রামরাও সাখারাম ওয়াডকুটের। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

পারিবারিক সূত্রে খবর, কাশির সমস্যার কারণে গত ২০ নভেম্বর তাঁকে এআইআইএমএসে ভর্তি করানো হয়েছিল। শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

মহারাষ্ট্রের পারভানি জেলার বাসিন্দা ওয়াডকুটে চলতি বছরের এপ্রিল মাসে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০১৪ সালের জুন থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত তিনি মহারাষ্ট্র বিধান পরিষদের সদস্য ছিলেন। বিজেপির হিঙ্গোলি জেলা সংগঠনেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ধনগর সম্প্রদায়ের কল্যাণেও কাজ করেছেন তিনি।

ওয়াডকুটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক ক্ষেত্রে তাঁর অবদান এবং দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় তাঁর দায়বদ্ধতা স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রে বিজেপির সংগঠন মজবুত করতেও তাঁর ভূমিকার কথা স্মরণ করেন মোদী।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ওয়াডকুটেকে সাদাসিধে ও নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তিত্ব বলে উল্লেখ করে শোকপ্রকাশ করেছেন। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকরও শোক জানিয়েছেন।

এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে এবং বিধায়ক রোহিত পাওয়ারও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা এবং ধনগর সম্প্রদায়ের জন্য তাঁর কাজের কথা স্মরণ করেছেন তাঁরা।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সোমবার পারভানিতে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ওয়াডকুটের নশ্বরদেহ রাখা হবে। পরে দেহ হিঙ্গোলিতে নিয়ে যাওয়া হবে এবং মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হবে।