নতুন দিল্লি: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল বিজেপিতে যোগ দিলেন। শনিবার দলে যোগ দেওয়ার পর তাঁকে বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।
বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নির্দেশে ওবিসি মোর্চার নতুন পদাধিকারী ও কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়োগের প্রক্রিয়ার অংশ হিসেবেই চাহালকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ওবিসি মোর্চার সভাপতি অমরপাল মৌর্য এক্সে নবনিযুক্তদের তালিকা প্রকাশ করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
দলে স্থান পাওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যকে ধন্যবাদ জানিয়েছেন চাহাল। বিজেপি পরিবারে তাঁকে স্থান ও সম্মান দেওয়ার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
ওবিসি মোর্চার জাতীয় উপ-সভাপতি হিসেবে অসমের যোগেন মোহনকেও নিয়োগ করা হয়েছে। তাঁর সঙ্গে ওড়িশার মমতা মহন্ত, উত্তরপ্রদেশের সঙ্গমলাল গুপ্তা ও সঙ্গীতা বলবন্ত বিন্দ, মহারাষ্ট্রের বাবনরাও রাওজি চৌধুরী, দিল্লির সত্য প্রকাশ রানা এবং বিহারের অর্জুন সাহানিকেও উপ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়াও দিল্লির গজেন্দ্র যাদব, কর্নাটকের প্রমোদ মাধবরাজ এবং ছত্তীসগঢ়ের ললিত চন্দ্রকারকে ওবিসি মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে।