জাগুন, ২২ নভেম্বর: তিনসুকিয়া জেলার জাগুন পুলিশ ফাঁড়ির অন্তর্গত চন্দ্রপুর গ্রামের দুই যুবক গত ১৩ দিন ধরে নিখোঁজ। তাঁদের নাম মিন্টু গগৈ ও ইন্দ্রজিৎ সোনোয়াল ওরফে পাপু। তাঁদের সন্ধানে সেনা ও পুলিশের তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

পরিবারের দাবি, দেবেন গগৈয়ের ৩২ বছরের ছেলে মিন্টু গত ১০ নভেম্বর সকালে নবম শ্রেণির পড়ুয়া ছেলেকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্কুলে ছেলেকে নামিয়ে দেওয়ার পরে তিনি আর বাড়ি ফেরেননি।

পরে মিন্টুর ছেলে জাগুনের একটি মোবাইল দোকান থেকে মোটরসাইকেলের চাবি, মোবাইল ফোন এবং মিন্টুর বাড়ি থেকে পরে আসা এক জোড়া স্যান্ডেল ব্যাগে ভরা অবস্থায় পায়। বাবার নির্দেশেই সেগুলি বাড়িতে নিয়ে যায় সে। তার পর থেকেই মিন্টুর আর কোনও খোঁজ নেই। মিন্টু বিবাহিত। তাঁর ১৪ বছরের একটি ছেলে রয়েছে।

একই গ্রামের পুতুল সোনোয়ালের ২৫ বছরের একমাত্র ছেলে ইন্দ্রজিৎও নিখোঁজ। তিনি জাগুনের একটি যাত্রীবাহী বাসে কন্ডাক্টর হিসেবে কাজ করতেন এবং পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন বলে জানা গিয়েছে। কাজের সূত্রে তিনি এক-দু’মাস অন্তর বাড়ি আসতেন।

পরিবারের সদস্যদের বক্তব্য, যুবক দু’জন নিখোঁজ হওয়ার দু’দিন পরে সেনা ও পুলিশের একটি দল তাঁদের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে। তার আগে যুবক দু’জনের নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের কারও কিছু জানা ছিল না বলে দাবি।

সেনা ও পুলিশের জিজ্ঞাসাবাদের পরে পরিবার ও স্থানীয়দের মধ্যে দুই যুবকের আলফা (স্বাধীন)-এ যোগ দেওয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে কোনও নিশ্চিত তথ্য মেলেনি।

দুই যুবকের বাবা-মা প্রশাসনের কাছে তাঁদের ছেলেদের দ্রুত নিরাপদে বাড়ি ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।