৩ নভেম্বর:

ওমানের উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজে অজ্ঞাত উড়ন্ত বস্তুর আঘাতে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। জাহাজে থাকা বাকি ১৩ জনকে উদ্ধার করেছে ওমানের উপকূলরক্ষী বাহিনী।

কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার এই ঘটনার কথা জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, ২ নভেম্বর ওমানের উপকূলের কাছে চলার সময় MSV AL JUSUFI নামের ভারতীয় জাহাজটিতে আঘাত লাগে।

জাহাজে মোট ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। মৃত নাবিকের নাম গান্ধার নাহিম আজিজ। তিনি গুজরাটের বাসিন্দা। আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়। বাকি ১৩ জন জাহাজ ছেড়ে নিরাপদে বেরিয়ে আসেন। পরে ওমানের উপকূলরক্ষী বাহিনী তাঁদের উদ্ধার করে।

সোনোয়াল মৃত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, উদ্ধার হওয়া নাবিকদের সহায়তা এবং তাঁদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে মন্ত্রক ও ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

তবে জাহাজে আঘাত করা অজ্ঞাত উড়ন্ত বস্তুটির প্রকৃতি এবং ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।