গুয়াহাটি, ২৩ নভেম্বর: ১৩ দফা দাবি পূরণের দাবিতে সোমবার অসমজুড়ে আন্দোলনে নামলেন কলেজশিক্ষকরা। অসম কলেজ শিক্ষক সংস্থার ডাকে রাজ্যের প্রাদেশিকীকৃত কলেজগুলিতে অবস্থান-ধর্মঘট, কলমবিরতি ও অসহযোগ কর্মসূচি পালিত হয়েছে। গুয়াহাটির চচলে হয়েছে কেন্দ্রীয় ধরনা কর্মসূচি।

সংস্থার সভাপতি ড. বিপুল চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক ড. পরাগজ্যোতি মহন্ত জানান, শিক্ষকদের দীর্ঘদিনের পরিষেবা-সংক্রান্ত ও আর্থিক দাবিগুলির ক্ষেত্রে সরকারের লাগাতার নিষ্ক্রিয়তার প্রতিবাদেই এই আন্দোলন। এটি সংস্থার দ্বিতীয় দফার আন্দোলন কর্মসূচির অংশ।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজ্যের প্রাদেশিকীকৃত কলেজগুলির শিক্ষকরা নিজেদের কলেজ চত্বরে অবস্থান-ধর্মঘট করেন। চচলে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলে কেন্দ্রীয় ধরনা। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষকরা ক্লাস নেওয়া এবং প্রশাসনিক কাজ থেকেও বিরত থাকেন।

নলবাড়িস্থিত কামরূপ কলেজ-সহ রাজ্যের বিভিন্ন কলেজে এই কর্মসূচি পালিত হয়েছে। এর আগে ৩০ অক্টোবরও রাজ্যজুড়ে কলমবিরতি ও অবস্থান-ধর্মঘট করেছিল সংস্থা।

শিক্ষকদের প্রধান দাবিগুলি

সংস্থার ১৩ দফা দাবির মধ্যে রয়েছে ইউজিসির নির্দেশিকা মেনে সময়মতো পদোন্নতি ও বকেয়া ইউজিসি স্কেলের টাকা মেটানো, এমফিল ও পিএইচডি ডিগ্রির জন্য প্রাপ্য অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া এবং নতুন পেনশন প্রকল্প বা এনপিএস বাতিল করে পুরনো পেনশন প্রকল্প বা ওপিএস ফের চালু করা।

এ ছাড়া, কলেজশিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর করা, শূন্য শিক্ষকপদ পূরণ, নির্দিষ্ট বেতনের শিক্ষকদের চাকরি নিয়মিত করা, ২০১৩ সালের অফিস স্মারক সংক্রান্ত সমস্যার সমাধান এবং আগের পরিষেবাকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণের দাবিও উঠেছে। ছুটির বিধি যথাযথ ভাবে কার্যকর করা ও পারস্পরিক বদলির প্রক্রিয়া সহজ করার দাবিও জানিয়েছে সংস্থা।

২০২৪ সাল থেকে স্মারকলিপি ও আবেদন জমা দেওয়া হলেও দাবিগুলি নিয়ে কার্যকর কোনও সমাধান বা লিখিত আশ্বাস মেলেনি বলে দাবি করেছে অসম কলেজ শিক্ষক সংস্থা।

সংস্থার দাবি, ৩০ অক্টোবরের আন্দোলনের পরে সরকারি পক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা হলেও সুরাহা হয়নি। দ্রুত ফলপ্রসূ আলোচনা শুরু করে শিক্ষকদের সমস্যার সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন সংস্থার নেতৃত্ব। দাবি পূরণ না হলে আরও তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।