আগরতলা, ২৩ নভেম্বর: আসন্ন পুরসভা নির্বাচনে ত্রিপুরার ভোটারদের জন্য ঘরে বসে ভোট দেওয়ার সুবিধা থাকছে না। তবে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটাররা যাতে ভোটকেন্দ্রে সহজে ভোট দিতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে রাজ্য নির্বাচন কমিশনের।
এই লক্ষ্যে ভোটকেন্দ্রগুলিতে হুইলচেয়ারের ব্যবস্থা করতে সমাজকল্যাণ দফতরকে চিঠি দিয়েছে কমিশন। প্রতিটি ভোটকেন্দ্রে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার পরিকল্পনাও করা হয়েছে।
কমিশন সূত্রে খবর, আসন্ন পুরসভা নির্বাচনে ঘরে বসে ভোট দেওয়ার কোনও সুবিধা থাকছে না। ত্রিপুরা পুরসভা নির্বাচন পরিচালনা নিয়ম, ১৯৯৫-এ সাধারণভাবে ঘরে বসে ভোট দেওয়ার কোনও ব্যবস্থা নেই। ভারতীয় নির্বাচন কমিশন নির্দিষ্ট শ্রেণির ভোটারের জন্য এই সুবিধা চালু করলেও ত্রিপুরার বর্তমান নির্বাচনী নিয়মে তা অন্তর্ভুক্ত নয়।
তবে নির্দিষ্ট শর্ত পূরণ করে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দেওয়া যোগ্য ভোটার এবং নির্বাচনী কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার সুবিধা রয়েছে।
বিষয়টি নিয়ে সিপিআই(এম), বিজেপি, কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সর্বদলীয় বৈঠকও করেছে রাজ্য নির্বাচন কমিশন। অধিকাংশ দল প্রস্তাবিত ব্যবস্থাকে স্বাগত জানালেও, তা কার্যকর করা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন।
কয়েকটি রাজনৈতিক দল আগামী বছর থেকে ঘরে বসে ভোট দেওয়ার সুবিধা চালুর বিষয়টি বিবেচনা করার আবেদনও জানিয়েছে। এ দিকে, প্রতিটি ভোটকেন্দ্রে প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হুইলচেয়ারের মাধ্যমে বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোটদান সহজ করাই কমিশনের লক্ষ্য।