দুলীয়াজানের তিন খুনের ঘটনায় তদন্তের পরিধি বাড়িয়েছে ডিব্রুগড় পুলিশ। দুই অভিযুক্ত রাজু দাস ও আমির দাসকে নিয়ে তিনসুকিয়ার তিনকোনিয়া এলাকার একটি হোটেলে তদন্ত চালানো হয়েছে।

খুনের আগে বা পরে ওই হোটেলের সঙ্গে অভিযুক্তদের কোনও যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। হোটেলটির সঙ্গে অন্য কোনও ব্যক্তির যোগ রয়েছে কি না, সেই দিকটিও তদন্তকারীদের নজরে রয়েছে।

দ্বিতীয় বার ডিব্রুগড় পুলিশের একটি বড় দল দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে তিনসুকিয়ার বিভিন্ন স্থানে অভিযান ও তদন্ত চালিয়েছে।

খুনের নেপথ্যে অন্য কেউ জড়িত কি না কিংবা ঘটনার আগে-পরে কোনও গোপন তথ্য সামনে আসে কি না, তা জানার চেষ্টা চলছে। তদন্ত এগোলে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

গত ১৬ নভেম্বর দুলীয়াজানের কমলাবাড়িতে বাড়ির ভিতরেই বাবা, মা ও তাঁদের কন্যাকে নৃশংস ভাবে খুন করা হয়েছিল। ঘটনার পর শিমলুগুড়ি রেলস্টেশন থেকে রাজু দাস ও আমির দাসকে আটক করে পুলিশ।