তেলঙ্গানা, ২৩ নভেম্বর: দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাঁর দাবি, সব রকম চেষ্টা সত্ত্বেও ইন্ডিয়া জোট রামলীলা ময়দানের অর্ধেক অংশও ভরাতে পারেনি।

তেলঙ্গানার করিমনগরে সোমবার বিজেপির এক সভায় রাহুলের ‘ভোট চুরি’ অভিযোগের জবাব দেন নীতিন। তাঁর দাবি, রাহুল ভোট চুরির অভিযোগ তুললেও সাধারণ মানুষ বিজেপির পাশেই রয়েছেন। বিজেপি কর্মীরা ২০০-র বেশি জায়গায় রামলীলা ময়দানের চেয়েও বেশি মানুষের জমায়েত ঘটাতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।

রাহুলের ১৩ কোটি ভোট চুরির অভিযোগকে প্রশ্নের মুখে ফেলে নীতিন বলেন, ভোটার তালিকায় আরও ৩ কোটি মানুষের নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজন কেন? তাঁর বক্তব্য, ৬ কোটির বেশি মানুষ বাসস্থান বদলেছেন এবং তেলঙ্গানাতেও অনেকে ভোটদানের স্থান বদলেছেন। এমন পরিস্থিতিতে এক ব্যক্তি দু’বার ভোট দিতে পারেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

নীতিনের দাবি, ২০০৩ সালে যে ৩ কোটি মানুষের ঠিকানা নিয়ে নির্বাচন কমিশন অনুসন্ধান করেছিল, তাঁদের অবস্থান সম্পর্কে কোনও স্পষ্ট জবাব নেই। ওই ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির পক্ষে রাহুল সওয়াল করছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁদের ‘অনুপ্রবেশকারী’ বলেও অভিহিত করেন বিজেপি সভাপতি।

সংবিধান প্রসঙ্গে কংগ্রেসকে নিশানা করে নীতিন বলেন, কংগ্রেস নেতারা হাতে সংবিধানের প্রতিলিপি নিয়ে ঘোরেন, কিন্তু বিজেপির হৃদয়ে সংবিধানের প্রতি সম্মান রয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকেও বিজেপি সম্মান করে বলে তাঁর দাবি।

জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে গণতন্ত্রের হত্যাকারী বলেও আক্রমণ করেন তিনি। নিজের আসন বাঁচাতে যাঁরা জরুরি অবস্থা জারি করেছিলেন, তাঁরাই এখন গণতন্ত্রের কথা বলছেন বলে কটাক্ষ করেন নীতিন।

ভারতের অর্থনীতি দুর্বল বলে রাহুলের মন্তব্যেরও সমালোচনা করেন বিজেপি সভাপতি। তাঁর দাবি, ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বেরিয়ে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ২০২৯ সালেও নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে ভাষণ দেবেন বলেও দাবি করেন তিনি। তেলঙ্গানা সরকারকে বিজেপি কর্মীরা জবাবদিহি করাবেন বলেও হুঁশিয়ারি দেন নীতিন।