চুরাচাঁদপুর, ২৪ নভেম্বর: বিএসএফের ৬২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজস্থানের যোধপুর থেকে মণিপুরের চুরাচাঁদপুরে আনা হয়েছে ২৬টি উট। মরুভূমির এই প্রাণীগুলিকে দেখতে বিএসএফ শিবিরের বাইরে স্থানীয় বাসিন্দাদের ভিড় বাড়ছে। অনেকের কাছেই জীবনে প্রথম বার উট দেখার সুযোগ এটি।

আগামী ১ ডিসেম্বর চুরাচাঁদপুরের বিএসএফের সহায়ক প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হবে। গত প্রায় এক সপ্তাহ ধরে উটগুলি দেখতে শিবিরের বাইরে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কুচকাওয়াজেও উটগুলি অংশ নেবে।

থর মরুভূমি সংলগ্ন এলাকা থেকে ট্রাকে করে উটগুলি আনা হয়েছে। যাত্রায় সময় লেগেছে প্রায় তিন সপ্তাহ। পথে বিএসএফের বিভিন্ন কেন্দ্রে তাদের বিশ্রাম, পশুচিকিৎসক এবং খাবারের ব্যবস্থা করা হয়েছিল। মরুভূমির পরিবেশ থেকে উত্তর ভারতের সমতল অঞ্চল পেরিয়ে উত্তর-পূর্বের পাহাড়ি আবহাওয়ায় উটগুলি যাতে মানিয়ে নিতে পারে, সে দিকেও বিশেষ নজর রাখা হয়েছে।

অনুষ্ঠানে পূর্ব ও পশ্চিম কমান্ডের জওয়ানদের কুচকাওয়াজ, বাহিনীর সরঞ্জাম ও কর্মদক্ষতার প্রদর্শন, ড্রোন প্রতিরোধী ব্যবস্থা, আর্টিলারি এবং অনুসন্ধান ও বিস্ফোরক শনাক্তকরণে প্রশিক্ষিত কুকুরের প্রদর্শনী হবে। মোটরসাইকেলের দুঃসাহসিক ক্রীড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

চুরাচাঁদপুর বার অ্যাসোসিয়েশনের সভানেত্রী গ্রেস সিমটেই বলেন, মণিপুরে উট দেখা যায় না। তাই তিনি বিএসএফ আধিকারিকদের অনুরোধ করে উট দেখার এবং ছবি তোলার সুযোগ পেয়েছেন। শহরের বহু মানুষই উট দেখতে আগ্রহী বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মাং ভাল্টেই জানান, রবিবার তিনি একটি উট দেখেছেন। তবে নিরাপত্তার কারণে বিএসএফ শিবিরের বাইরে বড় জমায়েত না করার আবেদন জানিয়েছে বিএসএফ।

স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক প্রতিনিধিরা অনুষ্ঠান শেষে উটগুলিকে রাজস্থানে ফিরিয়ে নেওয়ার আগে চুরাচাঁদপুরের কোনও জনসমাগমস্থলে শিশু-কিশোরদের দেখানোর ব্যবস্থা করার জন্য বিএসএফের কাছে অনুরোধ করেছেন। এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

২০২৩ সালের মে থেকে মণিপুরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাত চলার প্রেক্ষাপটে চুরাচাঁদপুরে বিএসএফের এই অনুষ্ঠানের বিশেষ গুরুত্ব রয়েছে।