প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গর্গের রেঞ্জ রোভার গাড়ি বিক্রি ঘিরে চলা আলোচনার মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা স্পষ্ট জানালেন, জুবিনের পরিবারের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে সরকারের কিছু বলার নেই।

মুখ্যমন্ত্রী বলেন, জুবিন গর্গের মৃত্যুর পর সরকার তাঁর পরিবারকে মাসিক আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গর্গ সেই প্রস্তাব গ্রহণ করেননি।

পরিবার নিজেদের ব্যবস্থায় চলবে, সরকার অন্য কাজে মন দিক— গরিমা শইকীয়া গর্গ এমনই বলেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।

এই সিদ্ধান্তের জন্য গরিমাকে ধন্যবাদ দেওয়ার কথাও জানিয়েছেন হিমন্ত। রেঞ্জ রোভার বিক্রির প্রসঙ্গে তিনি বলেন, জুবিন গর্গকে নিয়ে তাঁর পরিবার যে সিদ্ধান্ত নেবে, তাতে সরকারের হস্তক্ষেপের প্রশ্ন নেই। সিদ্ধান্তের কারণ জানতে হলে পরিবারের সঙ্গেই কথা বলতে হবে।

সোনাপুরের জুবিন ক্ষেত্রে সমাধি নির্মাণ নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগামী দেড় থেকে দু’মাসের মধ্যে নির্মাণকাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজ শেষ হতে প্রায় দেড় থেকে দু’বছর লাগতে পারে।

নির্মাণ চলাকালীন সমাধিক্ষেত্রে গাড়ি রাখার ব্যবস্থা সম্ভব হবে না বলেও জানান তিনি।