লাচিত দিবস উপলক্ষে আহোম সেনাপতি লাচিত বরফুকনকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জন্মবার্ষিকীতে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে লাচিতের সাহস, বীরত্ব ও নেতৃত্বের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

মোদী বলেছেন, মাতৃভূমির প্রতি লাচিত বরফুকনের সাহস ও নিষ্ঠা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। ১৬৭১ সালের ঐতিহাসিক সরাইঘাটের যুদ্ধে তাঁর নেতৃত্ব ও বীরত্ব অসমকে মুঘল আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

লাচিত দিবসে আমরা মহান লাচিত বরফুকনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর সাহস ও দৃঢ়তা অসমকে সুরক্ষা দিতে সাহায্য করেছিল। তাঁর অসাধারণ নেতৃত্ব এবং জনসাধারণের প্রতি নিষ্ঠা প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব গুয়াহাটি দখলের জন্য সম্পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করেছিলেন। কিন্তু লাচিত বরফুকনের নেতৃত্বে আহোম সেনা গুয়াহাটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। পরে ওই পরাজয়ের প্রতিশোধ নিতে ঔরঙ্গজেব বার বার চেষ্টা করলেও সফল হননি বলেও উল্লেখ করেছেন তিনি।

সরাইঘাটের যুদ্ধ প্রসঙ্গে মোদীর বক্তব্য, দেশ ও মাতৃভূমিকে লাচিত যে অগ্রাধিকার দিয়েছিলেন, তা তাঁর বাহিনীর নিম্নপদস্থ সৈনিকদের মনোবল বাড়িয়েছিল। সেই মনোবলই জয়ের ভিত গড়ে দিয়েছিল।

১৬২২ সালের ২৪ নভেম্বর জন্মেছিলেন লাচিত বরফুকন। আহোম রাজ্যের রাজকীয় সেনাবাহিনীর সেনাপতি হিসেবে তিনি ১৬৭১ সালের সরাইঘাটের যুদ্ধে নেতৃত্ব দেন। সেই যুদ্ধে আহোম সেনা মুঘল বাহিনীকে হারিয়ে অসমে মুঘল সাম্রাজ্যের বিস্তার রুখেছিল। ১৬৭২ সালের ২৫ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

লাচিত বরফুকনের বীরত্ব এবং অসমের ইতিহাসে তাঁর অবদানকে সম্মান জানাতে প্রতি বছর ২৪ নভেম্বর লাচিত দিবস পালিত হয়।