কান্নৌজ, ২৪ নভেম্বর: উত্তরপ্রদেশের কান্নৌজে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে পিছন থেকে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ৪ শিশুর। দুর্ঘটনায় ২৪ জন পড়ুয়াসহ মোট ৩২ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল প্রায় ৬টা নাগাদ ঠাঠিয়া এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। কৌশাম্বীর ওরিয়েন্টাল পাবলিক স্কুলের বাসটিতে পড়ুয়া ও স্কুলকর্মী মিলিয়ে প্রায় ৫০ জন ছিলেন। আগ্রার তাজমহল ঘুরে ফেরার পথে বাসটি এক্সপ্রেসওয়ের ধারে দাঁড়িয়েছিল।

পড়ুয়াদের প্রস্রাব করতে নামার জন্য বাসটি রাস্তার পাশে থামানো হয়েছিল। সেই সময় দ্রুতগতির একটি ট্রাক পিছন থেকে বাসটিতে ধাক্কা মারে। ধাক্কায় বাসটির পিছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েক জন শিশু ভিতরে আটকে পড়ে।

দুর্ঘটনার পরে পুলিশ, উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে শিল্পোন্নয়ন কর্তৃপক্ষের কর্মী এবং পথচলতি লোকজন উদ্ধারকাজে হাত লাগান। আটকে পড়া শিশুদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানো হয়।

তিরওয়ার একটি মেডিক্যাল কলেজে চার শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহতদের মধ্যে ২৪ জন পড়ুয়া এবং স্কুলের ৮ জন কর্মী রয়েছেন। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কান্নৌজের পুলিশ সুপার বিনোদ কুমার এই তথ্য জানিয়েছেন।