সনাতনের যতটা বিপদ বাইরে থেকে, ততটাই ভিতর থেকেও রয়েছে বলে মঙ্গলবার মন্তব্য করলেন রামদেব। তাঁর বক্তব্য, সনাতন ধর্মকে খণ্ডিত ও বিভাজিত ভাবে তুলে ধরে যাঁরা প্রতিদিন টানাপোড়েন ছড়ান, তাঁদের সতর্ক করা হয়েছে।

ভিডিয়ো বার্তায় রামদেব বলেন, কাউকে আলাদা করে নিশানা করা হয়নি। তবে যাঁকে উদ্দেশ করে কথা বলা হয়েছে, তিনি তা বুঝে গিয়েছেন বলেও তাঁর দাবি।

তাঁর অভিযোগ, অসম্পূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে কেউ কেউ সনাতন নিয়ে প্রচার করছেন। দেবদেবী, ভূতপ্রেত বা ধর্মীয় ও সাংস্কৃতিক আচারকে সামনে রেখে সাম্প্রদায়িক ভণ্ডামি থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। রাজনৈতিক ভণ্ডামি থেকেও সতর্ক থাকতে বলেন রামদেব।

রামদেবের বক্তব্য, এক হাতে মালা এবং অন্য হাতে ভালা থাকার কথা বলে নিজেকে কট্টর হিন্দু সনাতনী দাবি করার অর্থ ঘৃণা, বিদ্বেষ বা ভেদাভেদ নয়। জাতি, বর্গ, সম্প্রদায় কিংবা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের নামে বিভাজনেরও বিরোধিতা করেন তিনি।

সনাতনের কোনও ঠিকাদার নেই—না কোনও কথাকার, না কোনও বিশেষ ব্যক্তি—বলেন রামদেব। তাঁর দাবি, সনাতন ব্যক্তিপূজার নয়, চরিত্র ও চিরন্তন সত্যের উপাসক।

হিন্দু, জৈন, বৌদ্ধ বা শিখ সমাজে সামাজিক, ধর্মীয় কিংবা রাজনৈতিক ভণ্ডামির অভিযোগ উঠলে তা সনাতনের পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, যে কোনও ধরনের ধোঁকাবাজি, আড়ম্বর ও ভণ্ডামি অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং অবৈদিক।