ইম্ফল, ২৪ নভেম্বর: প্রায় এক বছর বন্ধ থাকার পর ফের চালু হল মণিপুরের ইম্ফল ও অসমের শিলচরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা। মঙ্গলবার ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যালায়েন্স এয়ারের এই পরিষেবার উদ্বোধন করেন মণিপুরের মুখ্যমন্ত্রী যুমনাম খেমচন্দ সিং।
মণিপুর সরকারের স্টেট ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং প্রকল্পের আওতায় পরিষেবাটি ফের চালু করা হয়েছে। মণিপুর থেকে অসমের বরাক উপত্যকায় যাতায়াত সহজ ও স্বচ্ছন্দ করতেই রাজ্যের পরিবহণ দফতর এই উদ্যোগ নিয়েছে।
অ্যালায়েন্স এয়ারের এ টি আর ৭২ বিমান সপ্তাহে দু’দিন, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই রুটে চলবে। সূচি অনুযায়ী, ৯আই৭৩১ নম্বর বিমানটি সকাল ৮টা ৩৫ মিনিটে ইম্ফল থেকে উড়ে সকাল ৯টা ৩০ মিনিটে শিলচরে পৌঁছবে।
দীর্ঘ দিন পরিষেবা বন্ধ থাকায় দুই অঞ্চলের যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছিল। মণিপুরের জিরিবাম জেলার বাসিন্দাদের ক্ষেত্রে এই বিমান পরিষেবা বিশেষ সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। জিরিবাম থেকে শিলচরের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার।
উন্নত আঞ্চলিক বিমান যোগাযোগ যাতায়াতের সুবিধা বাড়ানোর পাশাপাশি পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক হবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী সপ্তাহে দু’দিনের পরিষেবা তিন দিন করার বিষয়টিও সরকার বিবেচনা করছে, বলেন মুখ্যমন্ত্রী।
উদ্বোধনের পরে ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিং নির্মাণ প্রকল্পও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ার অধীনে চলা ওই প্রকল্প শেষ হলে বিমানবন্দরটির বার্ষিক যাত্রী সামলানোর ক্ষমতা বর্তমানের ১৩.৯ লক্ষ থেকে বেড়ে ৫০ লক্ষ হবে। বিমানবন্দরটি ২৪ ঘণ্টা চালু রাখারও পরিকল্পনা রয়েছে।