উত্তর-পূর্বের বিভিন্ন বিমানপথে অস্বাভাবিক ভাড়াবৃদ্ধি ঠেকাতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর কাছে এ বিষয়ে জরুরি পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।

২২ নভেম্বর, ২০২৬-এ মন্ত্রীকে পাঠানো চিঠিতে রাজীব জানিয়েছেন, উৎসবের সময়, ছুটির দিন এবং যাত্রীদের ভিড়ের সময়ে বিমান টিকিটের দাম অত্যধিক বেড়ে যায়। এর ফলে সাধারণ যাত্রীদের বড় আর্থিক সমস্যায় পড়তে হয়।

তাঁর বক্তব্য, বিমানযাত্রার উপর নির্ভরশীল পড়ুয়া, রোগী, সরকারি কর্মী, ব্যবসায়ী এবং পরিবারগুলি ভাড়াবৃদ্ধির জেরে বিশেষভাবে সমস্যায় পড়েন। ভৌগোলিক অবস্থান এবং বিকল্প যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে উত্তর-পূর্বের মানুষ বিমান যোগাযোগের উপর অনেকটাই নির্ভরশীল বলেও তিনি উল্লেখ করেছেন।

অত্যধিক বিমানভাড়ার কারণে স্বাস্থ্যপরিষেবা, শিক্ষা, কর্মসংস্থান এবং অন্য জরুরি পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও বাধা তৈরি হচ্ছে বলে চিঠিতে জানিয়েছেন সাংসদ।

সমস্যা মেটাতে ব্যস্ত সময়ে ও চাহিদা বেশি থাকলে বিমানভাড়ার যুক্তিসঙ্গত সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তিনি। উত্তর-পূর্বের বিমানপথগুলির জন্য বিশেষ ভাড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু এবং অসামরিক বিমান পরিবহণ মহানির্দেশকের মাধ্যমে বিমান সংস্থাগুলির পরিবর্তনশীল মূল্য নির্ধারণ পদ্ধতিতে আরও কড়া নজরদারিরও দাবি জানিয়েছেন রাজীব।

আগরতলা-সহ উত্তর-পূর্বের বিমানবন্দরগুলির সঙ্গে যুক্ত বেশি চাহিদার রুটে বিমানের সংখ্যা ও উড়ানের সঘনতা বাড়াতে বিমান সংস্থাগুলিকে উৎসাহ দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি ও উৎসবের সময়ে অযৌক্তিক ভাড়ার ওঠানামা ঠেকাতে যাত্রী সুরক্ষা ব্যবস্থা জোরদার করার কথাও বলেছেন সাংসদ।

সুলভ বিমান যোগাযোগ উত্তর-পূর্বের সুষম উন্নয়ন এবং দেশের অন্য অংশের সঙ্গে ওই অঞ্চলের সংযোগ মজবুত করার জন্য জরুরি বলে চিঠিতে উল্লেখ করেছেন রাজীব। বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করে সাধারণ যাত্রীর নাগালের মধ্যে বিমানযাত্রা আনতে কেন্দ্রীয় মন্ত্রককে পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।