শ্রীভূমি, ২৩ নভেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত অবস্থায় নিখোঁজ হলেন বিএসএফের ৭৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান কে ভেনু। তিনি হরিনগর সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, রাতে সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানেরা নদীপথে বাংলাদেশে মোষ পাচারের চেষ্টা করা একটি সন্দেহজনক দলকে দেখতে পান। ওই দলটিকে বাধা দিতে এগিয়ে যাওয়ার সময় বরাক নদীতে পড়ে যান কে ভেনু। তার পর থেকেই তাঁর খোঁজ মেলেনি।
ঘটনার পরে এসডিআরএফ বরাক নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। বিএসএফের জ্যেষ্ঠ আধিকারিকেরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করছেন।
সীমান্ত এলাকা থেকে জওয়ানের নিখোঁজ হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক ভাবে বাংলাদেশি দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি। জওয়ানের নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। উদ্ধার অভিযান চলছে।