দিব্রুগড়, ২৪ নভেম্বর: বিশিষ্ট সাংস্কৃতিক ও সামাজিক সংগঠক, জ্যেষ্ঠ শিল্পী তথা দূরদর্শন কেন্দ্রের অনুষ্ঠান কার্যনির্বাহী চন্দন পাঠকের মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর আগের রাত পর্যন্ত একটি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন চন্দন। তাঁর আকস্মিক প্রয়াণে দিব্রুগড়ের সাংস্কৃতিক, সামাজিক ও সাংবাদিক মহলে গভীর শোক নেমে এসেছে।

দিব্রুগড়ের একাধিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শিল্পী সমাজের সভাপতি, দিব্রুগড় শ্রুতি শিল্পী সমাজের সাধারণ সম্পাদক এবং মঞ্চরূপার সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন। অনুষ্ঠান পরিচালনা ও সংগঠনের দক্ষতার জন্য তিনি পরিচিত ছিলেন।

ডক্টর ভূপেন হাজরিকা ও জুবিন গর্গের স্মৃতি এবং আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তিনি নানা উদ্যোগ নিয়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টাও করতেন তিনি।

সঙ্গীতজ্ঞ প্রশান্ত বরদলৈ বলেছেন, চন্দন পাঠক সামাজিক-সাংস্কৃতিক জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। তাঁর অনুপস্থিতি দিব্রুগড়ের সাংস্কৃতিক জগতকে ম্লান করে দেবে।

দিব্রুগড় বেতার ও দূরদর্শন কেন্দ্রের অবসরপ্রাপ্ত আধিকারিক লোহিত ডেকা চন্দনের মানবিক গুণ, সঙ্গীতের প্রতি অনুরাগ এবং নিঃস্বার্থ কাজের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই বৈরাগীমঠে তাঁর বাড়িতে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টেরা শেষ শ্রদ্ধা জানাতে যান।

১৯৬৮ সালে দিব্রুগড়ে জন্মগ্রহণ করেন চন্দন। দিব্রুগড়ের ডন বস্কো থেকে মাধ্যমিক পাশ করার পরে যোরহাটের প্রিন্স অব ওয়েলসে ইঞ্জিনিয়ারিংয়ের পাঠক্রমে পড়াশোনা করেন তিনি। পরে দিব্রুগড় কানৈ মহাবিদ্যালয় থেকে বি এ ডিগ্রি নিয়ে দূরদর্শনে কাজ শুরু করেন। আর দু’বছর পর তাঁর অবসর নেওয়ার কথা ছিল।

স্ত্রী বন্দনা পাঠক, দুই মেয়ে কৃষ্ণাঙ্গী পাঠক ও কৃষ্ণালী পাঠক এবং বহু আত্মীয়-স্বজন ও গুণমুগ্ধকে রেখে গিয়েছেন তিনি।