ডিব্রুগড়, আজ: বীর লাচিত বরফুকন দিবস উপলক্ষে ডিব্রুগড়ে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওবিসি মোর্চার উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টির ডিব্রুগড় জেলা কমিটির সহযোগিতায় এই কর্মসূচি হয়।

শুরুতে ভারত মাতা, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এর পরে ‘বন্দে মাতরম’ ও ‘অ’ মোর আপন দেশ’ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

রণজিৎ চেতিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিব্রুগড় পুরসভার মেয়র সৈকত পাত্র, উপমেয়র উজ্জ্বল ফুকন, উন্নয়ন প্রাধিকরণের উপাধ্যক্ষ অসীম হাজরিকা এবং মণ্ডল সভাপতি বিটো বরুয়া-সহ বিশিষ্ট জনেরা।

বক্তারা বীর লাচিত বরফুকনের অসীম দেশপ্রেম এবং শরাইঘাটের যুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাস স্মরণ করেন। নতুন প্রজন্মকে লাচিতের ত্যাগ ও আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বানও জানানো হয়।

দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে উপস্থিত সকলে বীর লাচিত বরফুকনের আদর্শকে সামনে রেখে জাতি ও দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার সংকল্প নেন।