ডিব্রুগড়, ২৪ নভেম্বর: ভক্ত ও পর্যটকদের সুবিধার জন্য ডিব্রুগড়ের ঐতিহাসিক শ্রীশ্রী কলি আই থানে তৈরি হবে অতিথিশালা। অসম পর্যটন উন্নয়ন নিগমের ২৫ লক্ষ টাকার আর্থিক অনুদানে নির্মিতব্য ওই অতিথিশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নিগমের সভাপতি ঋতুপর্ণ বরুয়া।

ডিব্রুগড়ের পশ্চিম প্রান্তে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই থানটিতে প্রতি বছর অসম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আসেন। বিশেষত জানুয়ারিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হলে থাকা ও খাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয় তাঁদের।

অতিথিশালাটি তৈরি হলে ভক্ত ও পর্যটকেরা যথেষ্ট উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

ধর্মীয় পরম্পরার পাশাপাশি লোকসংস্কৃতি সংরক্ষণেও থান পরিচালন সমিতি ভূমিকা পালন করে আসছে। থান চত্বরে নিয়মিত আইনাম ও দিহানামের চর্চা চলার পাশাপাশি ঐতিহ্য রক্ষায় একাধিক পদক্ষেপ করা হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণ বরুয়া, বিধায়ক প্রশান্ত ফুকন, বিধায়ক চক্রধর গগৈ, থান পরিচালন সমিতির সভাপতি ভীমকান্ত সন্দিকৈ, কার্যকরী সভাপতি সোনারাম গগৈ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।