হাউলী, ২৪ নভেম্বর: ৯৯ বছরে পা দিল অসমের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হাউলীর রাস মহোৎসব। মঙ্গলবার মহোৎসবের ৯৯তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অসম বিধানসভার অধ্যক্ষ রণজিৎ কুমার দাস।
আগামী বছর এই মহোৎসবের শতবর্ষ পূর্ণ হবে। সেই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছেন আয়োজকেরা। অসমের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রণজিৎ বলেন, অসমের বিভিন্ন প্রান্তে আয়োজিত রাস মহোৎসব দেশ-বিদেশের পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। মাজুলি, হাউলী, পাঠশালা, বরপেটা ও নলবাড়ির রাস মহোৎসব অসমের সাংস্কৃতিক পরিচিতিকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরেছে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দিলে হাউলীর রাস মহোৎসব আন্তর্জাতিক স্তরে বিশেষ পরিচিতি পাবে বলে আশা প্রকাশ করেন রণজিৎ কুমার দাস।
অসমের সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন পদক্ষেপ করেছে বলে জানান বিধানসভার অধ্যক্ষ। রাস মহোৎসবের মাধ্যমে বৈষ্ণব পরম্পরা, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন।
অসমের অন্যতম প্রধান বৈষ্ণব ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব রাস মহোৎসব। শ্রীকৃষ্ণের জীবনের নানা ঘটনা নৃত্য, সংগীত, অভিনয় ও ধর্মীয় পরিবেশনার মাধ্যমে এখানে উপস্থাপিত হয়। উজনি, উত্তর ও মধ্য অসমে, বিশেষত মাজুলিতে, জীবন্ত অভিনেতাদের দিয়ে রাসলীলা মঞ্চস্থ হয়। অন্য দিকে হাউলী, বরপেটা, পাঠশালা, নলবাড়ি, পালাশবাড়ি ও ছয়গাঁ-সহ নামনি অসমের বিভিন্ন এলাকায় মাটির প্রতিমার মাধ্যমে কৃষ্ণের জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়।
শতবর্ষের অনুষ্ঠানে আরও ব্যাপক আয়োজনের পাশাপাশি অসমের সাংস্কৃতিক ঐতিহ্য দেশ-বিদেশে প্রচার করাই আয়োজকদের লক্ষ্য।