২০০৭ সালের নরেঙ্গি সেনা ছাউনির খুনের মামলায় অগপ নেতা জিন্তু চৌধুরীকে দোষী সাব্যস্ত করল কামরূপ জেলা সেশন বিচারকের আদালত। পূর্ত দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার অজয় ডেকা খুনের ঘটনার প্রায় ১৯ বছর পরে এই রায় দিল আদালত।

মামলার বাকি পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন রিন্টু চৌধুরী, অকন কুমার দাস, অমর থাপা, অনিল শরণিয়া এবং সুভাষ রায়। বিচার চলাকালীন অনিলের মৃত্যু হয়েছিল।

২০০৭ সালে দিসপুর থানায় ৮৮৫/২০০৭ নম্বরে খুনের মামলা দায়ের হয়েছিল। অজয়কে খুনের অভিযোগে মোট ছ’জনের নাম উঠে এসেছিল। জিন্তু চৌধুরীকে দোষী সাব্যস্ত করে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। বিশেষ সরকারি কৌঁসুলি জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁর সাজা ঘোষণা করা হবে।

রায়ের পরে অজয়ের স্ত্রী বলেন, ১৯ বছর পরে ন্যায়বিচারের একটি অংশ পাওয়ায় তাঁর কিছুটা ভাল লাগছে। তবে যাঁকে তিনি মূল অভিযুক্ত বলে দাবি করছেন, সেই রিন্টু চৌধুরী খালাস পাওয়ায় তিনি সন্তুষ্ট নন।

“রিন্টু চৌধুরীই টাকা ফেরত দেওয়ার কথা বলে আমার স্বামীকে ডেকে নিয়ে গিয়েছিল। পরে অন্যদের সঙ্গে পরিকল্পনা করে তাঁকে খুন করা হয়,” দাবি অজয় ডেকার স্ত্রীর।

দড়ি কেনা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য সাক্ষ্যের উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, অন্য অভিযুক্তেরা কী ভাবে খালাস পেলেন। মূল অভিযুক্তের শাস্তি হলেই তিনি সম্পূর্ণ সন্তুষ্ট হতেন বলে জানান তিনি। প্রয়োজনে পরে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও বলেছেন অজয়ের স্ত্রী।