গুয়াহাটি, কামাখ্যা রেল স্টেশন থেকে ১ লক্ষ ৪৭ হাজার টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় বিহারের দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে কামাখ্যা জিআরপি। অভিযান চালিয়ে জাল নোটগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ধৃতদের নাম রাকেশ কুমার ও রোহিত কুমার। দু’জনেই বিহারের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

কামাখ্যা জিআরপির পরিদর্শক যাদব চেতিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ১ লক্ষ ৪৭ হাজার টাকা।

প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ধৃতেরা বিহার থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে জাল নোটগুলি সংগ্রহ করে অসমে এনেছিল।

কী ভাবে ওই জাল নোট অসমে আনা হয়েছিল এবং সেগুলির পরবর্তী গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। জাল নোটের উৎস, সরবরাহ চক্র এবং এই কারবারে অন্য কেউ জড়িত কি না, তা নিয়েও তদন্ত চলছে।

অসমে জাল নোটগুলি চালানোর উদ্দেশ্যেই সেগুলি আনা হয়েছিল, নাকি অন্য কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা এখনও নিশ্চিত নয় বলে পুলিশ জানিয়েছে।