সান হুয়ান: পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো জিতলেন মিস ইউনিভার্স ২০২৬-এর খেতাব। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হয়।

২৭ বছরের জেনিফার বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেরার মুকুট জেতেন। তাঁর এই জয়ে পুয়ের্তো রিকো পেল ষষ্ঠ মিস ইউনিভার্স খেতাব।

ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ প্রথম রানার্স-আপ হয়েছেন। ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ পেয়েছেন দ্বিতীয় রানার্স-আপের স্থান। ফিলিপিন্সের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়েডিংটনও সেরা পাঁচে ছিলেন।

জেনিফার মডেল, সমাজকর্মী এবং প্রতিরোধ-বিষয়ক বিশেষজ্ঞ। মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে তাঁর স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। বিবাহিত এবং মা হিসেবে মিস ইউনিভার্স জেতা প্রথম মহিলা তিনি বলেই জানা গিয়েছে। ২০২৩ সালে প্রতিযোগিতার নিয়ম বদলে বিবাহিত মহিলা ও মায়েদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল।

চূড়ান্ত পর্বে জেনিফার বলেন, বর্তমান সময়ে বিশ্বের নেতাদের পেশাদার অথচ সহানুভূতিশীল হওয়া জরুরি। তাঁদের নিজেদের মূল্যবোধে দৃঢ় থেকে সমাজের সামনে আদর্শ তৈরি করা উচিত।

এ বারের প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন কেরলের ১৯ বছরের কাজিয়া লিজ মেজো। তিনি সেরা ৩০-এ জায়গা করে নিলেও সেরা ১২-তে উঠতে পারেননি। আইনের ছাত্রী কাজিয়া মডেলও। মঞ্চে তিনি ভারতীয় পরিচয় ও কেরলের সংস্কৃতি তুলে ধরেন।