ইরানে হিজাব না পরে সংগীতানুষ্ঠান পরিবেশনের অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী পারাস্তো আহমাদী এবং তাঁর দলের আরও চার সদস্যকে ৭৪ বেত্রাঘাত করা হয়েছে। তাঁদের আইনজীবীরা এই তথ্য জানিয়েছেন।

গত ডিসেম্বর মাসে আহমাদী একটি সংগীতানুষ্ঠান পরিবেশন করেন, যা ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। সেই অনুষ্ঠানে তিনি হাতাবিহীন পোশাক পরেছিলেন এবং মাথায় হিজাব ছিল না বলে জানা গিয়েছে।

আহমাদী ছাড়াও তাঁর ব্যান্ডের তিন জন সঙ্গীতশিল্পী এবং প্রযোজনা দলের এক সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে।

ইরানের আইনে মহিলাদের জনসমক্ষে হিজাব ও শালীন পোশাক পরা বাধ্যতামূলক। মহিলাদের জনসমক্ষে সংগীতানুষ্ঠান পরিবেশনের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। জনশালীনতার পরিপন্থী বলে বিবেচিত কাজের জন্য ১০ দিন থেকে দু’মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ৭৪ বেত্রাঘাতের বিধান রয়েছে।

২০২২ সালে হিজাব-বিধির বিরুদ্ধে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ২২ বছরের মাহসা আমিনীর পুলিশি হেফাজতে মৃত্যুর পরে ওই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আহমাদীর ঘটনায় ইরানে মহিলাদের পোশাক, জনসমক্ষে অনুষ্ঠান করা এবং ব্যক্তিগত অধিকার নিয়ে বিতর্ক ফের সামনে এসেছে।