বেলুচিস্তান: পাকিস্তানের বেলুচিস্তানে একাধিক সামরিক শিবির ও সেনা কনভয়ে হামলায় ২০ জন পাকিস্তানি সেনা এবং তাঁদের সহযোগী নিহত হয়েছেন বলে দাবি করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। বিদ্রোহী সংগঠনটির দাবি, সামরিক শিবির লক্ষ্য করে তারা ১১টি ড্রোন হামলাও চালিয়েছে।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বিএলএ-র মুখপাত্র জিয়ান্দ বেলুচ জানান, ২১ নভেম্বর নুশকির হাজদা খোল এলাকায় পাকিস্তানি সেনার ৯৩ উইংয়ের শিবিরে হামলা চালানো হয়। সংগঠনটির ‘কাহর’ নামে আকাশপথে হামলাকারী দল এবং ফতেহ স্কোয়াড ওই অভিযানে ছিল বলে দাবি করা হয়েছে।
বিএলএ-র দাবি, প্রথমে ড্রোনের সাহায্যে শিবিরে ১১টি হামলা চালানো হয়। পরে বিভিন্ন দিক থেকে ভারী অস্ত্রে আক্রমণ করা হয়। এই হামলায় শিবিরে ৮ জন সেনা নিহত ও ৭ জন জখম হন বলে সংগঠনটির দাবি।
রেকো ও হারুনির সামরিক শিবিরের দিকে যাওয়া সেনা কনভয়েও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বিএলএ। তাদের বক্তব্য, জারিন জঙ্গলে একটি সেতু বিস্ফোরণে উড়িয়ে দেওয়ায় পাকিস্তানি সেনা কয়েক ঘণ্টা অতিরিক্ত বাহিনী পাঠাতে পারেনি। নুশকিতে অভিযানে মোট ১৩ জন সেনা নিহত এবং ১১ জনের বেশি জখম হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
একই দিনে মস্তুঙের গুরগিনা এলাকায় এগিয়ে আসা পাকিস্তানি সেনাকে লক্ষ্য করে প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। তার পরে তিনটি পৃথক স্থানে সশস্ত্র হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে ৫ জন সেনা নিহত ও কয়েক জন জখম হয়েছেন বলে বিএলএ-র দাবি। সেনাবাহিনীর গাড়িরও ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
২২ নভেম্বর চাগাই জেলার তালো বর্তাগজি এলাকায় কোয়েটা-তাফতান বাণিজ্যিক পথ বন্ধ করে তল্লাশি চালানো হয় বলে দাবি করেছে সংগঠনটি। দু’টি বাণিজ্যিক গাড়ি আটক এবং একটি সামরিক কনভয়ে হামলার দায়ও তারা নিয়েছে। তবে ওই হামলায় হতাহতের কোনও সংখ্যা জানানো হয়নি।
বিএলএ পাকিস্তানি সেনাকে বেলুচিস্তান ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং সামরিক শিবির ও নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে স্থল ও আকাশপথে অভিযান চালিয়ে যাওয়ার কথা বলেছে। সংগঠনটির এই দাবি পাকিস্তানি সেনা বা সরকারি কর্তৃপক্ষের তরফে স্বাধীন ভাবে নিশ্চিত করা হয়নি।