মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে নজর কাড়ল নীতেশ মালহোত্রা পরিচালিত ‘রামায়ণ’। ৯৯তম অ্যাকাডেমি পুরস্কারের সেরা দৃশ্যগত প্রভাব বিভাগে পরবর্তী পর্যায়ের ভোটের জন্য নির্বাচিত ২০টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ছবিটি।
জানা গিয়েছে, অ্যাকাডেমির সংশ্লিষ্ট শাখা ২০টি ছবি বেছে নিয়েছে। যদিও অ্যাকাডেমি আনুষ্ঠানিক ভাবে এই শীর্ষ ২০ ছবির তালিকা প্রকাশ করে না। নির্বাচিত ছবিগুলির প্রযোজকদের পরবর্তী পর্যায়ে নির্বাচিত হওয়ার কথা জানানো হয়েছে।
তালিকায় হলিউডের একাধিক বড় বাজেটের ছবিও রয়েছে। তার মধ্যে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’, ডেনিস ভিলেনুভের ‘ডিউন: পার্ট থ্রি’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘সুপারগার্ল’ এবং স্টিভেন স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’ রয়েছে। ‘প্রজেক্ট হেল মেরি’, ‘গডজিলা মাইনাস জিরো’ ও ‘স্টার ওয়ার্স: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’-ও এই তালিকায় আছে।
এর আগে এস এস রাজামৌলির ‘আরআরআর’-ও অস্কারের সেরা দৃশ্যগত প্রভাব বিভাগের শীর্ষ ২০-এ জায়গা পেয়েছিল। তবে ছবিটি শেষ পর্যন্ত মনোনয়ন পায়নি। যদিও ‘নাটু নাটু’ গানটি ৯৫তম অ্যাকাডেমি পুরস্কারে সেরা মৌলিক গানের সম্মান জিতে ইতিহাস গড়েছিল।
‘রামায়ণ’ ৩২তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের সংক্ষিপ্ত তালিকাতেও দু’টি বিভাগে রয়েছে। সেরা দৃশ্যগত প্রভাব এবং সেরা স্টান্ট ডিজাইন বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি।
৯৯তম অস্কারের প্রাথমিক ভোটগ্রহণ হবে ৭ থেকে ১১ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর অ্যাকাডেমি আনুষ্ঠানিক সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে। চূড়ান্ত মনোনয়নের তালিকা ঘোষণা করা হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।