গুয়াহাটি, ২৪ নভেম্বর: শহরের জয়ানগরে প্রয়াত শিল্পী জুবিন গর্গের স্মৃতিবিজড়িত বৃন্দাবন মার্কেট ভেঙে ফেলা হয়েছে। ওই জায়গায় নতুন একটি আধুনিক ব্যবসায়িক কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে।
জয়ানগরের এই মার্কেটটি জুবিন গর্গের পরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির অন্যতম ছিল। নতুন ভবনে ‘বৃন্দাবন মার্কেট’ নামটি আর রাখা হবে না বলে জানা গিয়েছে।
জয়ানগর চারিআলির কাছে ২০২১ সালের জানুয়ারিতে জুবিন গর্গ বৃন্দাবন সুপারমার্ট চালু করেছিলেন। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার গড়ে তোলাই ছিল প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
জুবিন গর্গের কৃষি খামারের শস্য, শাকসবজি, মাছ ও মুরগি-সহ দৈনন্দিন প্রয়োজনের নানা সামগ্রী এক ছাদের তলায় দেওয়ার পরিকল্পনা নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল। ২০২২ সালে এর নতুন রূপের উদ্বোধন হয়েছিল।
মার্কেট ভাঙার ঘটনায় অনুরাগীদের একাংশ আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের বক্তব্য, শিল্পীর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি সংরক্ষণ করা উচিত ছিল। নতুন ব্যবসায়িক কেন্দ্রে জুবিন গর্গের নাম বা স্মৃতি রাখার দাবিও উঠেছে।
আবার একাংশের মত, এটি সম্পত্তির মালিক বা পরিবারের ব্যক্তিগত ব্যবসায়িক সিদ্ধান্ত এবং তা সম্মান করা উচিত। মার্কেট ভাঙা বা নতুন ব্যবসায়িক কেন্দ্র নির্মাণ নিয়ে জুবিন গর্গের পরিবার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি। নতুন কেন্দ্রের নাম, নির্মাণকারী সংস্থা ও কাজ শেষের সময়সীমাও জানানো হয়নি।