নতুন দিল্লি, ২৫ নভেম্বর: পাসপোর্টে উল্লেখ করা জন্মস্থানের তথ্য নিয়ে সিজেপির সহ-সমন্বয়ক সৌরভ দাসকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিদেশ মন্ত্রক। চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতরের পাঠানো ওই নোটিসে তাঁকে সাত দিনের মধ্যে জন্মস্থান সংক্রান্ত তথ্য স্পষ্ট করতে বলা হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সৌরভের উত্তর না পাওয়া পর্যন্ত তাঁকে পাসপোর্ট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে সৌরভ অভিযোগ করেছিলেন, দিল্লি বিমানবন্দরে তাঁকে লন্ডনগামী বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছিল। সেই ঘটনার পরেই তাঁর পাসপোর্টে জন্মস্থানের তথ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সাত দিনের মধ্যে নোটিসের জবাব দেওয়ার সুযোগ পেয়েছেন সৌরভ। তাঁর জবাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নোটিসটি নিয়ে সৌরভের কোনও প্রতিক্রিয়া মেলেনি।