নয়াদিল্লি, ২৫ নভেম্বর: ছট পূজার সময়ে বিহারের মহিলাদের দীর্ঘ করে সিঁদুর পরার রীতি নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে স্ট্যান্ড-আপ কৌতুকশিল্পী যশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পাটনা পুলিশ। ঘটনার তদন্ত করছে পাটনা সাইবার থানা।

‘মোরালি কোয়েশ্চনেবল’ শিরোনামের একটি স্ট্যান্ড-আপ কমেডির ভিডিওতে ছটের সময়ে নাক থেকে কপাল পর্যন্ত দীর্ঘ সিঁদুর পরার প্রথা নিয়ে তিনি মন্তব্য করেন বলে অভিযোগ। মহিলাদের সিঁদুরের দৈর্ঘ্যকে পুরুষের গোপন অঙ্গের সঙ্গে তুলনা করা এবং বিহারে মহিলাদের উপর নির্যাতন ও হামলা নিয়েও ঠাট্টা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ভিডিওটির অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে তীব্র প্রতিবাদ শুরু হয়। অভিযোগ ওঠে, তাঁর মন্তব্যে বিহারের মহিলাদের পাশাপাশি ছট পূজার ধর্মীয় পরম্পরাকেও অপমান করা হয়েছে। বহু মানুষ আইনি পদক্ষেপের দাবি জানান।

পাটনা পুলিশের বক্তব্য, ভিডিওর আপত্তিকর মন্তব্য সামাজিক পরিবেশ নষ্ট করতে পারে এবং বিভিন্ন মানুষের মধ্যে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি করতে পারে। সেই কারণেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মামলা রুজু করা হয়েছে।

কোনও ধর্মীয় ভাবাবেগ, উৎসব বা কোনও ব্যক্তির অনুভূতিতে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না বলে ক্ষমা চেয়ে জানিয়েছেন যশ মাহেশ্বরী।

রাজস্থানের জয়পুরের বাসিন্দা যশ বর্তমানে দিল্লি-এনসিআরের কমেডি জগতের সঙ্গে যুক্ত। বিতর্কের মধ্যে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটি তিনি নিজে নিষ্ক্রিয় করেছেন, না কি অন্য কোনও কারণে স্থগিত হয়েছে, তা স্পষ্ট নয়।