গুয়াহাটি, ২৬ নভেম্বর: অসমের পূর্ত দফতরের অবসরপ্রাপ্ত কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার মহম্মদ সামেদ আলী এবং তাঁর স্ত্রী পারবীন সুলতানার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে বিশেষ আদালতে অভিযোগপত্র জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তদন্তকারী সংস্থার দাবি, ওই দম্পতি প্রায় ৩.০৮ কোটি টাকার আয়-বহির্ভূত সম্পত্তি অর্জন করেছেন।

ইডির তথ্য অনুযায়ী, ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মহম্মদ সামেদ আলী প্রায় ৫.০৯ কোটি টাকার সম্পত্তি অর্জন করেন। ওই সময়ে তাঁর জ্ঞাত বৈধ আয় ছিল প্রায় ২.০১ কোটি টাকা। ইডির দাবি, তাঁর আয়-বহির্ভূত সম্পত্তির পরিমাণ ৩.০৮ কোটি টাকা, যা জ্ঞাত আয়ের চেয়ে ১৫২.৯৬ শতাংশ বেশি।

গত ২১ নভেম্বর গুয়াহাটির অর্থপাচার প্রতিরোধ আইন সংক্রান্ত বিশেষ আদালতে ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ইডির অভিযোগ, পূর্ত দফতরে কর্মরত থাকাকালীন দুর্নীতির মাধ্যমে পাওয়া টাকা আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সরানো হয়েছিল। তাঁর স্ত্রী ও সন্তানদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও হিসাববহির্ভূত নগদ জমা করা হয়েছিল বলে দাবি সংস্থার।

ইডির দাবি, ওই টাকা দিয়ে গুয়াহাটির লালমাটিয়া রোডে তিনতলা বাড়ি নির্মাণ, স্ত্রীর নামে জমি কেনা এবং এলআইসি বিমা প্রকল্প ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়। গুয়াহাটির জোরপাড়াতেও স্ত্রীর নামে জমি কিনে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। অবসরের পরে নিজের, স্ত্রী ও কন্যার নামে গুয়াহাটিতে তিনটি ফ্ল্যাট কেনার অভিযোগও রয়েছে।

পারবীন সুলতানার বিরুদ্ধেও অর্থপাচারে সহযোগিতার অভিযোগ এনেছে ইডি। সংস্থার দাবি, তিনি পূর্ত দফতরের ঠিকাদারদের কাছ থেকে বিপুল টাকা পেয়েছিলেন এবং সেই টাকা দিয়ে নিজের নামে জমি কিনেছিলেন। বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমা এবং ঠিকাদারদের কাছ থেকে উপহার হিসেবে টাকা পাওয়ার দাবির সপক্ষে নথি জমা দিতে পারেননি বলেও অভিযোগ।

এর আগে ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি ইডি গুয়াহাটির একটি তিনতলা বাড়ি, একটি ফ্ল্যাট, তিনটি জমির টুকরো এবং ন’টি এলআইসি বিমা প্রকল্প অস্থায়ী ভাবে ক্রোকের নির্দেশ দেয়। ইডির হিসাবে, ওই সম্পত্তির মোট মূল্য প্রায় ৩.০৬ কোটি টাকা। পরে নয়াদিল্লির অর্থপাচার প্রতিরোধ আইন সংক্রান্ত বিচারকারী কর্তৃপক্ষ ক্রোকের নির্দেশ বহাল রাখে।

মুখ্যমন্ত্রীর বিশেষ নজরদারি শাখার অধীন নজরদারি পুলিশ থানায় মহম্মদ সামেদ আলীর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা হয়েছিল। তদন্ত শেষে ২০২৪ সালের ৬ মার্চ ওই শাখা গুয়াহাটির বিশেষ বিচারকের আদালতে অভিযোগপত্র জমা দেয়। ইডি জানিয়েছে, তদন্ত এখনও চলছে। অভিযোগগুলি অবশ্য আদালতে প্রমাণিত হয়নি।