নগাঁও: ব্রহ্মপুত্রের ভাঙনে পাঁচ দশকেরও বেশি সময় আগে তলিয়ে যাওয়া গ্রামের একটি বড় অংশ ফের চর হিসেবে জেগে উঠেছে। নগাঁও জেলার বরবিল কাছারিবড়িতে ব্রহ্মপুত্রের বুক থেকে প্রায় ৩৭২ বিঘা জমি বেরিয়ে আসায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।

১৯৫০ সালের পর থেকে ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙনে বহু পরিবারের বসতভিটে, গ্রাম এবং পৈতৃক সম্পত্তি নদীগর্ভে চলে গিয়েছিল। ঘরবাড়ি ও জমি হারিয়ে বহু পরিবার মৈরাবাড়ি-সহ বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছিল বলে জানা গিয়েছে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নদীর বুক থেকে ফের ভেসে উঠেছে হারিয়ে যাওয়া সেই গ্রামের জমি। নিজের জন্মভূমির পরিচিত মাটি ফের দেখতে পেয়ে আবেগাপ্লুত জমিহারা পরিবারগুলির সদস্যেরা।

এ বার ওই জমির বিষয়ে সরকার যাতে গুরুত্ব দেয় এবং প্রকৃত জমির মালিকেরা তাঁদের হারানো জমি ফিরে পেতে পারেন, সেই আবেদন জানিয়েছেন স্থানীয়েরা। তাঁদের বক্তব্য, ব্রহ্মপুত্র যখন হারানো জমি ফিরিয়ে দিয়েছে, তখন সরকারও যেন তাঁদের কিছু সহায়তা করে। এ জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে আবেদন জানানো হয়েছে।