গুয়াহাটি, ২৬ নভেম্বর: অসমে ২০ থেকে ৫৯ বছর বয়সি ৪৬.৮ শতাংশ পুরুষ রক্তহীনতায় আক্রান্ত। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। এই বয়সের পুরুষদের মধ্যে রক্তহীনতার জাতীয় গড় ২২ শতাংশ।
‘সাম্পদা’ নামে সমীক্ষাটি ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন পরিচালনা করে। ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৮৩টি জেলার দু’লক্ষের বেশি মানুষকে নিয়ে এই সমীক্ষা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১.৭ লক্ষের বেশি রক্তের নমুনা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক ২৩ নভেম্বর ফল প্রকাশ করেছে।
৬০ বছর বা তার বেশি বয়সি অসমের পুরুষদের মধ্যে রক্তহীনতার হার ৭৪ শতাংশ, যেখানে জাতীয় গড় ৪৪.৭ শতাংশ। প্রবীণ পুরুষদের রক্তহীনতার হারের নিরিখে অসম দেশে শীর্ষে রয়েছে বলে সমীক্ষায় জানানো হয়েছে।
২০ থেকে ৫৯ বছর বয়সি অন্তঃসত্ত্বা নন বা স্তন্যদান করান না, এমন অসমের মহিলাদের ৭২.৮ শতাংশ রক্তহীনতায় আক্রান্ত। জাতীয় গড় ৫৪.৮ শতাংশ। এ ক্ষেত্রে ত্রিপুরার পরে অসমের স্থান দ্বিতীয়। ১৫ থেকে ৪৯ বছর বয়সি প্রজননক্ষম মহিলাদের মধ্যে এই হার ৭১.৯ শতাংশ, জাতীয় গড় ৫৫.৯ শতাংশ। এই তালিকায় পশ্চিমবঙ্গের পরে দ্বিতীয় স্থানে রয়েছে অসম।
১০ থেকে ১৯ বছর বয়সি অসমের কিশোরদের ৩৭.৪ শতাংশ এবং কিশোরীদের ৫৮.৮ শতাংশ রক্তহীনতায় আক্রান্ত। এই দুই ক্ষেত্রে জাতীয় গড় যথাক্রমে ২২.৮ শতাংশ ও ৪৬.৩ শতাংশ। পাঁচ থেকে নয় বছর বয়সি শিশুদের মধ্যে অসমে রক্তহীনতার হার ৪৪.৯ শতাংশ, জাতীয় গড় ৩১.৩ শতাংশ।
সমীক্ষার তথ্য ইঙ্গিত দিচ্ছে, রক্তহীনতার কারণ শুধু আয়রনের ঘাটতি নয়। জাতীয় স্তরে প্রাপ্তবয়স্ক পুরুষদের ২২ শতাংশ রক্তহীনতায় আক্রান্ত হলেও, আয়রনের ঘাটতি ধরা পড়েছে মাত্র ৩.৪ শতাংশের মধ্যে। আবার ৬০.৪ শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি রয়েছে।
গবেষকদের মতে, পুষ্টির অভাব ও আয়রনের ঘাটতির পাশাপাশি ভিটামিনের অভাব, দীর্ঘস্থায়ী রোগ, সংক্রমণ এবং বংশগত রক্তরোগ থেকেও রক্তহীনতা হতে পারে। ২০১৮ সালে রক্তহীনতা কমাতে কেন্দ্র ‘অ্যানিমিয়া মুক্ত ভারত’ কর্মসূচি শুরু করে। এর আওতায় আয়রন ও ফলিক অ্যাসিডের পরিপূরক, কৃমিনাশক ব্যবস্থা, খাদ্যে বৈচিত্র্য, পরীক্ষা ও চিকিৎসার পাশাপাশি ম্যালেরিয়া এবং বংশগত রক্তরোগের মতো কারণগুলির উপরেও জোর দেওয়া হয়।