নয়াদিল্লি, ২৬ নভেম্বর: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ইস্তাহার প্রকাশ করল অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি। চাকরি না পাওয়া পর্যন্ত বেকার স্নাতকদের মাসে ৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
দলের সভাপতি অখিলেশ যাদবের প্রকাশ করা ইস্তাহার অনুযায়ী, প্রবীণ মহিলা, শ্রমিক, মহিলা কর্মী ও কারিগরদের বছরে ৪০ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে।
পাঁচ বছরের মধ্যে ২৫ লক্ষ যুবক-যুবতীকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে ইস্তাহারে। অন্য ক্ষেত্রগুলিতে ২ থেকে ৩ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে।
শিক্ষাক্ষেত্রে রাজ্য শিক্ষা নীতি প্রণয়ন, বর্তমান সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া ২৬ হাজার প্রাথমিক স্কুল ফের চালু, বড় শহরগুলিতে পড়ুয়াদের জন্য আবাসিক হস্টেল নির্মাণ এবং দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ পড়ুয়াদের জন্য ফের ল্যাপটপ বিতরণ প্রকল্প চালুর কথা বলা হয়েছে। সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ওয়াই-ফাই পরিষেবা এবং রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৬ শতাংশ শিক্ষাখাতে খরচের প্রতিশ্রুতিও রয়েছে।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আধিকারিক ও মন্ত্রীদের ব্যক্তিগত ভাবে জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে সমাজবাদী পার্টি। কৃষিঋণ মকুবের প্রকল্প, পরীক্ষা আয়োজনের নির্দিষ্ট সময়সীমা এবং অগ্নিবীরদের জন্য রাজ্য সরকারি চাকরির সুযোগ তৈরির কথাও ইস্তাহারে রয়েছে। ২০৩২ সালের মধ্যে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে এক কোটির বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যও রাখা হয়েছে।
এ দিকে, নির্বাচনকে ঘিরে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। প্রথম দফায় কংগ্রেসকে ২৬টি আসনের প্রস্তাব দিয়েছিল সমাজবাদী পার্টি। কংগ্রেস প্রথমে ১৮১টি আসন চাইলেও পরে সেই দাবি কমিয়ে ১২০টিতে নামিয়েছে। কংগ্রেসের দাবি, এর মধ্যে অন্তত ৫০টি আসনে জয়ের সম্ভাবনা থাকতে হবে। শুক্রবার দু’দলের দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা।
আসন বণ্টন নিয়ে দু’দলের মধ্যে অসন্তোষও প্রকাশ্যে এসেছে। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ সমাজবাদী পার্টির প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলে জোট আলোচনা চলাকালীন প্রার্থী তালিকা প্রকাশে আপত্তি জানিয়েছেন। অখিলেশ জানিয়েছেন, আসন বণ্টনের ক্ষেত্রে প্রার্থীদের জয়ের সম্ভাবনাকেই গুরুত্ব দেওয়া হবে। ২০২৭ সালের ভোটে বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটের পাশাপাশি এআইএমআইএম এবং আজাদ সমাজ পার্টির জোটও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।