নয়াদিল্লি, ২৬ নভেম্বর: কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়ের তুলনায় বেশি সম্পত্তি থাকার অভিযোগে তদন্তের জন্য সিবিআই ও ইডিকে দেওয়া এলাহাবাদ হাই কোর্টের আগের নির্দেশ বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
রাহুলকে নিজের বক্তব্য পেশের সুযোগ দিয়ে মামলাটির ফের শুনানি করতে এলাহাবাদ হাই কোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। কর্নাটকের বিজেপি কর্মী শিশির বিগনেশের দায়ের করা জনস্বার্থ মামলার ভিত্তিতেই হাই কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিল।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, রাহুলের বক্তব্য শোনার সুযোগ না দিয়েই একতরফা ভাবে ওই নির্দেশ দেওয়া হয়েছিল। এতে স্বাভাবিক ন্যায়বিচারের নীতি লঙ্ঘিত হয়েছে বলে মত বেঞ্চের।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, পুনরায় শুনানিতে রাহুল আবেদনটির বিরুদ্ধে তাঁর যুক্তি পেশ করতে পারবেন। জনস্বার্থ মামলাটি গ্রহণযোগ্য কি না এবং আবেদনকারীর এই মামলা করার অধিকার রয়েছে কি না, সেই বিষয়গুলিও বিবেচনা করা হবে।
রাহুলের হয়ে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, তাঁর বক্তব্য না শুনেই তদন্তের নির্দেশ দেওয়া আইনস্বীকৃত প্রক্রিয়ার পরিপন্থী। তবে মামলাটি অন্য কোনও হাই কোর্টে বা সুপ্রিম কোর্টে সরানোর রাহুলের আবেদন নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি শীর্ষ আদালত।
এর আগে ১৭ অগস্ট সিবিআই, ইডি বা অন্য কোনও তদন্তকারী সংস্থাকে এলাহাবাদ হাই কোর্টে রিপোর্ট জমা দিতে বাধা দিয়েছিল সুপ্রিম কোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মামলার কার্যক্রমও স্থগিত রাখতে বলা হয়েছিল। সে সময় সিবিআইয়ের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু আদালতকে জানিয়েছিলেন, সংস্থাটি শুধু অভিযোগ খতিয়ে দেখছে, এখনও আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি।