গুয়াহাটি, ২৭ নভেম্বর: প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এবং প্যারালিম্পিক অ্যাসোসিয়েশন অফ অসমের সহযোগিতায় ‘উদয়াচল’-এর আয়োজনে গুয়াহাটির তিনটি ভেন্যুতে শুরু হল তৃতীয় উত্তর-পূর্ব প্যারা ক্রীড়া সমারোহ। তিন দিন ধরে চলবে প্রতিযোগিতা।
সরুসজাইয়ের অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া প্রকল্পের ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রদীপ প্রজ্বলন করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন প্যারালিম্পিক অ্যাসোসিয়েশন অফ অসমের মুখ্য পৃষ্ঠপোষক রিনিকি ভূঞা শর্মা।
এ বার প্রথম বারের জন্য ভারতের দুই প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আগামী বছর থেকে এশিয়ার অন্য দেশগুলিকেও আমন্ত্রণ জানানো হবে।
রিনিকি জানান, প্যারা ক্রীড়া ও খেলোয়াড়দের উন্নয়নে অসম সরকারের সহায়তার জন্য তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর বক্তব্য, প্যারা ক্রীড়া সংস্থাকে আগে ১০ লক্ষ টাকা দেওয়া হলেও এখন সেই অনুদান বাড়িয়ে ৪০ লক্ষ টাকা করা হয়েছে।
অনুষ্ঠানে ১৬ বছর বয়সে গ্লাসগো কমনওয়েলথ গেমস-২০২৬-এ ভারতকে প্রতিনিধিত্ব করে দেশের সর্বকনিষ্ঠ এবং উত্তর-পূর্বের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট হওয়ার গৌরব অর্জন করা অসমের সাইক্লিস্ট লিজা দাসকে রাজ্য সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকার চেক দেওয়া হয়। দশটি দলের খেলোয়াড়দের মার্চপাস্ট, বিহু দলের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেনাবাহিনীর ব্যান্ড পরিবেশনও হয়।
প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার যুগ্মসচিব ললিত ঠাকুর, নেপাল প্যারালিম্পিকের প্রতিনিধি ওম নাথ শিবাকটি, অসম রাজ্য স্কুলশিক্ষা পরিষদের সভাপতি আর সি জৈন, ক্রীড়া অধিকর্তা অঙ্কুর ভরালী, এসবিআইয়ের শীর্ষকর্তা অতুল রাঠি, জারির হুসেন এবং পরিবহণ দফতরের আধিকারিক গৌতম দাস উপস্থিত ছিলেন।
বিকেল থেকে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে অ্যাথলেটিক্স শুরু হয়েছে। বন্দ্যা ইন্টারন্যাশনাল স্কুলে ব্যাডমিন্টন ও টেবল টেনিস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ওই স্কুলে সাঁতার, সরুসজাইয়ে দাবা এবং ‘উদয়াচল’-এ বচিয়া প্রতিযোগিতা শুরু হবে।