গুয়াহাটি, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে চলা বাণিজ্যিক পরিবহণের ধর্মঘট প্রত্যাহার করে নিল অল অসম মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আমটা)। সংগঠনের ছয় দফা দাবি কার্যকর করতে অসম সরকারকে ১১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে তারা।
স্পিড লিমিটিং ডিভাইস এবং ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানো, গাড়ির ফিটনেস শংসাপত্র, ই-চালান ব্যবস্থা-সহ পরিবহণ সংক্রান্ত বিভিন্ন বিধি কার্যকর করার ক্ষেত্রে সমস্যার অভিযোগ তুলে ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনটি।
আমটার অভিযোগ ছিল, স্পিড লিমিটিং ডিভাইস বসানোর জন্য পর্যাপ্ত কেন্দ্র নেই। ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইসের তথ্য বাহন পোর্টালে নথিভুক্ত করতেও জটিলতা হচ্ছে। গাড়ির ফিটনেস পরীক্ষা করানোর পর্যাপ্ত ব্যবস্থার অভাবের কথাও তারা জানিয়েছিল।
এর আগে ২৬ নভেম্বর জনতা ভবনে পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গে আমটার প্রতিনিধিদের বৈঠক হয়। সেখানে পরিবহণ কমিশনার তথা সচিব আকাশ দীপ উপস্থিত ছিলেন। সংগঠনটি সরকারের কাছে ছয় দফা দাবি তুলে লিখিত প্রতিশ্রুতি চেয়েছিল।
পরিবহণমন্ত্রী চরণ বড়োয়া ঘোষণা করেছেন, যে সব গাড়িতে স্পিড লিমিটিং ডিভাইস ও ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানো হয়েছে, সেগুলির তথ্য বাহন পোর্টালে নথিভুক্ত করার জন্য ৪৫ দিন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে কাজ শেষ করলে গাড়ির মালিকেরা জরিমানার হাত থেকে রেহাই পাবেন।
ধর্মঘট প্রত্যাহারের ফলে রাজ্যে বাণিজ্যিক পরিবহণ পরিষেবা স্বাভাবিক হওয়ার পথ খুলল।