আগরতলা, ২৭ নভেম্বর: ত্রিপুরার নগর স্থানীয় সংস্থার নির্বাচনে ব্যাপক হিংসা, ভোটারদের ভয় দেখানো এবং ভোটগ্রহণ কেন্দ্র দখলের অভিযোগ তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তাঁর অভিযোগের নিশানায় শাসক বিজেপি।

শুক্রবার সুদীপ দাবি করেন, সকাল প্রায় ৫টা থেকেই ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার পথে কয়েক জনকে হামলার মুখে পড়তে হয়েছে। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষকে টেনে বার করে দেওয়া, ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া এবং শারীরিক ও মৌখিক ভাবে হেনস্থার অভিযোগও করেছেন তিনি।

সুদীপের দাবি, সংঘর্ষের সময়ে এক মহিলাকে ঘুষি মারা হলে তাঁর দাঁতে আঘাত লাগে। ভোটারদের ভয় দেখাতে লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।

“২০২১ সালের আগরতলা পুরনিগম নির্বাচনের তুলনায় এ বারের পরিস্থিতি আরও খারাপ,” দাবি সুদীপ রায় বর্মনের।

নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস বিধায়ক। তাঁর বক্তব্য, নির্বাচনের জন্য অতিরিক্ত ২৫ কোম্পানি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হলেও হিংসার সময়ে পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ মহানির্দেশক এবং অন্য আধিকারিকদের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সুদীপ। রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেও কার্যকর পদক্ষেপ হবে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। বিজেপি বা প্রশাসনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।