ইম্ফল, ২৭ নভেম্বর: মণিপুরের তামেংলং ও নোনে জেলায় সেপ্টেম্বরে সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিদের হামলায় নিহত সাত কুকি নাগরিকের দেহ প্রায় দু’মাস পর শুক্রবার সমাধিস্থ করা হল। নিহতদের মধ্যে পাঁচ জন মহিলা।
কর্তৃপক্ষ জানিয়েছে, চুরাচান্দপুরের একটি কবরস্থানে দেহগুলি সমাধিস্থ করা হয়েছে। এত দিন দেহগুলি চুরাচান্দপুর জেলা হাসপাতালের মর্গে রাখা ছিল।
শুক্রবার হাসপাতাল থেকে দেহগুলি ডি ভেইসন গ্রামের অ্যাংলো-কুকি যুদ্ধ স্মারকস্থলে নিয়ে যাওয়া হয়। সমাধিস্থ করার আগে ঐতিহ্যবাহী জনজাতীয় শাল দিয়ে দেহগুলি ঢেকে সম্মান জানানো হয়।
শেষকৃত্যে নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সেপ্টেম্বরে তামেংলং ও নোনে জেলায় সশস্ত্র জঙ্গিদের গুলিতে সাত জন নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছিল। পরে দেহগুলি চুরাচান্দপুর জেলা হাসপাতালে আনা হয়েছিল।
২০২৩ সালের মে থেকে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলছে। এই সংঘাতে অন্তত ৩০৬ জনের মৃত্যু হয়েছে, ৪৯ জন নিখোঁজ এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। এ ছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে পাহাড়ি জেলাগুলিতে কুকি ও নাগা সম্প্রদায়ের সংঘর্ষে পৃথক ভাবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।