শিলঙে অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের জেরে ১৬ বছর বয়সি একাংশ জিন্দাল নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায় দায়ের করা চার্জশিটে নাম জড়াল এক গৃহশিক্ষকের। শিলঙের জেলা ও দায়রা আদালতে পেশ করা ওই চার্জশিটে সানি সিনহা, রালফ নংরুম এবং রিতা খারশিং— এই তিন জনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গৃহশিক্ষক সানি সিনহাই প্রথম একাংশ ও তার বন্ধুদের গাঁজার নেশার সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে তাঁদের যোগাযোগ করিয়ে দেওয়া হয় রালফ নংরুমের সঙ্গে। রালফের বিরুদ্ধেই একাংশকে প্রাণঘাতী মাত্রায় মাদক প্রয়োগ করার অভিযোগ উঠেছে। অন্যদিকে, রিতা খারশিংয়ের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে যুক্ত করে মাদক চক্র চালানোর অভিযোগ রয়েছে। ঘটনার দিন তিনিই মাদক সরবরাহ করেছিলেন বলে জানা গিয়েছে। বর্তমানে রালফ ও রিতা বিচার বিভাগীয় হেফাজতে থাকলেও সানি এখনও গ্রেফতার হননি।
ভারতীয় ন্যায় সংহিতার ১২৩ নম্বর ধারা (বিষ বা ক্ষতিকারক দ্রব্যের মাধ্যমে আঘাত করা) সহ অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্ররোচনা দেওয়ার মতো ধারায় এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। অভিযুক্তদের প্রত্যেকের ভূমিকা অনুযায়ী অভিযোগ গঠন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি রিতা জামিনের আবেদন জানালেও পরে তা প্রত্যাহার করে নেন এবং আদালত আবেদনটি খারিজ করে দেয়।
তেজপুরের অসম ভ্যালি স্কুল থেকে দশম শ্রেণির পরীক্ষা শেষ করে শিলঙে নিজের বাড়িতে ফিরেছিল একাংশ। গত মার্চ মাসের শেষের দিকে উমপ্লিঙ সেতুর কাছে অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের কারণে তার মৃত্যু হয় বলে সন্দেহ করা হয়। এর পরই নাবালকদের কাছে মাদক পৌঁছনোর চক্রটি প্রকাশ্যে আসে এবং তদন্ত শুরু হয়।
একাংশের ঠাকুরদা ভি কে জিন্দাল শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে এমন মাদক চক্র সক্রিয় থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, একজন নাবালকের সম্মতি কখনওই মাদক সরবরাহকারী বা প্রয়োগকারীদের অপরাধ থেকে মুক্তি দিতে পারে না। সম্প্রতি একই ভাবে ১৬ বছর বয়সি আরও এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে তিনি পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারির দাবি জানান।
“শুধু নীচুতলার লোকজনকে ধরে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।”
তিনি জানান, ১৩ থেকে ১৬ বছর বয়সি কিশোরদের মূলত নিশানা বানাচ্ছে মাদক পাচারকারীরা। অভিভাবকদের নিজেদের সন্তানদের চলাফেরা ও বন্ধুচক্রের প্রতি আরও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি, অপ্রাপ্তবয়স্কদের মধ্যে মাদক চক্রের বিস্তার ঠেকাতে পুলিশ-প্রশাসনকে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।