শ্রীভূমি, ২৮ নভেম্বর: বরোদরায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া অসমের যুবক ছাহারুল ইসলামের দুই বাড়িতে তল্লাশি চালাল গুজরাতের সন্ত্রাসদমন শাখা।
শ্রীভূমি জেলার পূর্ব টঙ্গিবাড়ি এলাকায় ছাহারুলের ওই দুই বাড়িতে গুজরাতের সন্ত্রাসদমন শাখার চার আধিকারিকের উপস্থিতিতে স্থানীয় পুলিশ তল্লাশি চালায়। তল্লাশির সময় কিছু নথিপত্র ও একটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
তদন্তকারীদের অভিযোগ, বরোদরা বায়ুসেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলার ছক কষেছিলেন ছাহারুল। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলেও তদন্তকারীদের দাবি।
বায়ুসেনা ঘাঁটির প্রবেশপথের ছবি ও ভিডিও সংগ্রহের অভিযোগও উঠেছে ছাহারুলের বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, তাঁর মোবাইল ফোন থেকে ঘাঁটির ছবি, মানচিত্র এবং হোয়াটসঅ্যাপের কথোপকথন উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, ছাহারুল আছিমগঞ্জ এলাকার একটি মাদ্রাসা এবং উত্তরপ্রদেশের দেওবন্দের একটি মাদ্রাসায় কিছু দিন পড়াশোনা করেছিলেন। দেওবন্দে পড়ার সময় কারও মাধ্যমে জইশের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়েছিল কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।