নয়াদিল্লি, ২৮ নভেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলিকে দুর্বল করার পর বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নতুন করে নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের বিল আনার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা গৌরব গগৈ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তাঁর দাবি, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধীদের বিভক্ত ও দুর্বল করা হয়েছে। এই পরিস্থিতিতেই কেন্দ্র সংশোধিত সীমানা পুনর্নির্ধারণ বিল সংসদে পেশ করতে এগোচ্ছে বলেও তাঁর অভিযোগ।

প্রস্তাবিত ‘ডিলিমিটেশন (সেকেন্ড) বিল, ২০২৬’ নিয়ে সমাজমাধ্যম এক্সে গৌরব লিখেছেন, নির্বাচন কমিশনের সাহায্যে রাজনৈতিক দলগুলিকে বিভক্ত করা হয়েছে এবং অন্য দলগুলিকে ইডি তদন্তের ভয় দেখানো হয়েছে। তাঁর মতে, বিভিন্ন প্রতিষ্ঠানের আপসকামী ভূমিকা এবং বিচারব্যবস্থার নিষ্ক্রিয়তা ছাড়া এমন পরিস্থিতি তৈরি হতে পারত না।

৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। ওই অধিবেশনেই মহিলা সংরক্ষণ এবং লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নতুন বিল সরকার আনতে পারে।

প্রস্তাবিত সংশোধিত বিল অনুযায়ী, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে আসনের সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে লোকসভার আসনসংখ্যা বর্তমানের ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ হতে পারে।

বিলে নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের জন্য ২০১১ সালের জনগণনার তথ্য ব্যবহারের প্রস্তাব রয়েছে। তবে ২০৫১ সাল পর্যন্ত বিভিন্ন রাজ্যের মধ্যে বর্তমান আপেক্ষিক প্রতিনিধিত্বের অনুপাত বজায় রাখার কথাও বলা হয়েছে। এই কাজের জন্য কেন্দ্রের একটি ডিলিমিটেশন কমিশন গঠনের প্রস্তাব রয়েছে। সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করাও বিলগুলির অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে সরকার।

এর আগে এপ্রিল মাসে আনা সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিলগুলি লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পায়নি। তার পরেই আসনসংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বদল এনে নতুন সংস্করণ আনার প্রস্তুতি শুরু হয়েছে।

গৌরবের বক্তব্য, লোকসভার বর্তমান আসনসংখ্যার মধ্যেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা উচিত। আগামী ২৫ বছর বিভিন্ন রাজ্যের মধ্যে সংসদীয় প্রতিনিধিত্বের বর্তমান অনুপাত বজায় রাখার পক্ষেও তিনি মত দিয়েছেন।

কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দল প্রস্তাবিত বিলের বিরোধিতা করেছে। ডিলিমিটেশন কমিশনের নিরপেক্ষতা, ২০১১ সালের জনগণনার তথ্যের ব্যবহার, নির্বাচনী কেন্দ্রের সীমানা বদলের রাজনৈতিক প্রভাব এবং মহিলা সংরক্ষণের সঙ্গে সীমানা পুনর্নির্ধারণ জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা প্রশ্ন তুলেছে। বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের অভিন্ন অবস্থান ঠিক করতে ২৮ নভেম্বর বিরোধী নেতাদের বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। ইন্ডিয়া জোটও প্রস্তাবিত বিলের বিরোধিতার ইঙ্গিত দিয়েছে, যদিও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিরোধীদের মধ্যে কিছু মতভেদ রয়েছে।