গুয়াহাটি, ২৮ নভেম্বর: অসমে এনডিএ ৩.০ সরকারের ২০০ দিন পূর্তি উপলক্ষে বিভিন্ন জনকল্যাণ প্রকল্প, বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থার খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শনিবার সামাজিক মাধ্যমে একটি বিস্তারিত বার্তায় সরকারের এই সময়ের কাজ এবং আগামী দিনের উন্নয়নের অগ্রাধিকারের কথা জানান তিনি।

অসমবাসীর আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী ফের ‘বিকশিত অসম’ গড়ার লক্ষ্যের কথা বলেন। জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে তিনি অরুণোদয় ৩.০, নিযুত মইনা এবং নিযুত বাবুর উল্লেখ করেন। পড়ুয়াদের সহায়তা ও শিক্ষাক্ষেত্রে উৎসাহ দিতে স্কুটি বিতরণ কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।

সরকারি নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি উৎপাদন, প্রযুক্তি, শিল্প ও উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে জাগীরোডে গড়ে ওঠা সেমিকন্ডাক্টর শিল্পের পরিকাঠামোর কথাও তিনি উল্লেখ করেন।

প্রস্তাবিত প্রতিরক্ষা উদ্যান, রঙ্গিয়ায় প্রতিরক্ষা সামগ্রী নির্মাণ শিল্প এবং জোরহাট ও শিলচরে স্থাপিত হতে চলা ডেটা সেন্টারের কথাও তাঁর বার্তায় রয়েছে। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ডলু গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন এবং গহপুর-নুমলীগড় সুড়ঙ্গ প্রকল্পকে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেন তিনি।

রাস্তা, সেতু, স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ ক্ষেত্রের উন্নয়নের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রস্তাবিত প্রোটন থেরাপি কেন্দ্র স্থাপনের কথাও উল্লেখ করেন তিনি। নিরাপত্তার ক্ষেত্রে অসম পুলিশের আধুনিকীকরণ এবং সম্প্রতি কার্যকর হওয়া স্মার্ট রেসপন্স ইউনিটের কথাও জানান। এই ইউনিটে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আরবান ইন্টারভেনশন ইউনিট ও জঙ্গল ইন্টারভেনশন ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।

শ্রীমন্ত শংকরদেব, লাচিত বরফুকন এবং ভারতরত্ন ডঃ ভূপেন হাজরিকার অবদানের কথা উল্লেখ করে অসমের ঐতিহ্য ও পরিচয় সংরক্ষণের উপর জোর দেন মুখ্যমন্ত্রী। খেল মহারণের মতো কর্মসূচির কথাও বলেন তিনি।

এই ২০০ দিনকে কেবল শুরু বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, এমন অসম গড়ার লক্ষ্যেই সরকার কাজ চালিয়ে যাবে, যেখানে পরিবারগুলি নিরাপত্তা অনুভব করবে, শিশুরা উন্নত সুযোগ পাবে এবং তরুণেরা রাজ্যের মধ্যেই নিজেদের স্বপ্নপূরণের সুযোগ খুঁজে পাবে।