গুয়াহাটি, ২৮ নভেম্বর: গুয়াহাটির লাচিত ঘাটের কাছে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করেছে নদী পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ উদ্ধার অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম, বয়স বা বাসস্থান সম্পর্কে এখনও কোনও তথ্য মেলেনি।

নদী পুলিশের প্রাথমিক অনুমান, দেহটি উদ্ধারের আগে প্রায় দু’দিন জলে ডুবে ছিল। তবে কবে এবং কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য মেলেনি।

দেহটি ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য মিলতে পারে বলে মনে করছে পুলিশ।

মৃতের পরিচয় জানার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। ঘটনার পরিস্থিতি এবং মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।