দক্ষিণ কামরূপের সোনতলীর এক্সেলেন্ট একাডেমিতে সপ্তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল। চার দিনের এই কর্মসূচি ঘিরে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ মহর আলি আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিওলজিস্ট ডাঃ কোরবান আলি আহমেদ, এম ডি। বিশিষ্ট অতিথি ছিলেন এক্সেলেন্ট একাডেমি সোনতলীর মুখ্য পরিচালন সঞ্চালক শহিদুল ইসলাম বড়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েক জন বিশিষ্ট ব্যক্তি।
অতিথিরা পড়ুয়াদের সার্বিক বিকাশে পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যকলাপ এবং বার্ষিক অধিবেশনের গুরুত্ব তুলে ধরেন। প্রতিযোগিতামূলক সময়ে নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতাকে সঙ্গী করে পড়ুয়াদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তাঁরা।
সভাপতির ভাষণে মহর আলি আহমেদ বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বক্তব্য রাখেন। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।
চার দিনের অধিবেশনে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচিতে কৃতিত্ব অর্জনকারী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে পড়ুয়ারা। অনুষ্ঠানে এলাকার বহু শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।