মাকুম, ২৯ নভেম্বর: মাকুমের তিনসুকিয়া মেডিক্যাল কলেজে এক প্রসূতিকে নার্সের মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, প্রসবের প্রস্তুতির সময় বৃষ্টিনা বরা নামে এক নার্স ওই প্রসূতিকে মারধর করেন।

প্রসূতির স্বামীর দাবি, ডুমডুমার সামদাং বরগুড়ি লাইন এলাকার ওই মহিলা প্রসবের জন্য স্বামীর সঙ্গে হাসপাতালে ভর্তি হন। সেই সময়েই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে হইচই শুরু হয়।

খবর পেয়ে তিনসুকিয়া সদর থানার পুলিশ হাসপাতালে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রসূতির স্বামী ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

অসম চা জনজাতি মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটি এবং শুকানপুখুরি আঞ্চলিক যুব সংঘের কর্তারা ঘটনাস্থলে গিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে।

একই হাসপাতালে অন্য এক প্রসূতির সন্তান জন্মের পরে এক নার্স তাঁর স্বামীর কাছে ১,৫০০ টাকা চেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির দাবি, তিনি ৫০০ টাকা দেওয়ার পরেও তাঁর কাছে আরও ১০০ টাকা চাওয়া হয়। ঘটনার প্রেক্ষিতে বিভাগীয় কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে, সে দিকেই নজর রয়েছে।