নতুন দিল্লি, ২৯ নভেম্বর: সমাজের তৃণমূল স্তরের মানুষের কাছে সুশাসনের সুফল পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লির পুসা চত্বরে বিজেপির দু’দিনের সাংগঠনিক কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে তিনি জনসংযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন।
শুক্রবার শুরু হওয়া কর্মশালাটি শেষ হয় শনিবার। দলের সাংগঠনিক কাজকে আরও কার্যকর করে তোলা, তৃণমূল স্তরে সুশাসনের সুফল পৌঁছে দেওয়া এবং সমর্থনের ভিত্তি বিস্তৃত করাই ছিল কর্মশালার অন্যতম লক্ষ্য।
সমাপ্তির পরে বিজেপির বিবৃতিতে দলের নীতি ও সাফল্যের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারের উল্লেখ করা হয়েছে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে সেখানে।
কর্মশালায় মোদী কয়েক ঘণ্টা দলের জাতীয় পদাধিকারী ও প্রবীণ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। নিজের সাংগঠনিক অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি দলের কাজ ও জনসংযোগ আরও শক্তিশালী করার পরামর্শ দেন তিনি।
আলোচনায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে বিজেপির যে অভিযোগ, তার মোকাবিলার বিষয়টিও উঠে আসে।
মহিলা সংরক্ষণ-সংক্রান্ত প্রস্তাবিত আসন পুনর্নির্ধারণ বিল এবং তার মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও দলের নির্বাচনী কৌশলও সাংগঠনিক আলোচনার অংশ ছিল।
কর্মশালায় বিজেপির ১১০ জনের বেশি জাতীয় পদাধিকারী ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতারা অংশ নেন। নতুন নিযুক্ত দলীয় পদাধিকারীদের প্রশিক্ষণের উদ্দেশ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। শুক্রবার উদ্বোধনী বক্তব্য রাখেন রাম মাধব। শনিবার বক্তব্য রাখেন বি এল সন্তোষ, শিব প্রকাশ এবং বিনয় সহস্রবুদ্ধে।