দক্ষিণ কামরূপের চামরিয়ার ১ নম্বর মালিবাড়িতে রাস্তায় একা এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে আটাব আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মন্দিরা পুলিশ।

অভিযোগ, কংগ্রেস নেতা আব্দুল লতিফ আনসারি-সহ মোট ছয় জন ওই মহিলাকে রাস্তায় ধর্ষণের চেষ্টা করেছিলেন। ঘটনার পরে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়া ওই মহিলা মন্দিরা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মন্দিরা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক জ্যোতির্ময় দাস তদন্ত শুরু করেন। পুলিশি অভিযানে গত রাতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটাব আলীকে গ্রেফতার করা হয়।

বুধবার ধৃতকে আদালতে তোলা হলে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। আব্দুল লতিফ আনসারি-সহ বাকি পাঁচ অভিযুক্তের খোঁজে পুলিশি অভিযান চলছে বলে জানা গিয়েছে।