গুয়াহাটি, ২৯ নভেম্বর: প্রয়াত শিল্পী জুবিন গর্গকে ‘প্রতিভার ভান্ডার’ বলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, দেশের সব প্রান্তের মানুষ জুবিনকে ভালবাসেন। তিনিও জুবিনের অনুরাগী।
রাজপাল বলেন, জুবিনের প্রতিভা নিয়ে যতই বলা যায়, ততই কম। অসম ও অসমীয়া ভাষার প্রতি তাঁর আকর্ষণের কথাও জানান অভিনেতা। দেশের নানা ভাষা ও সংস্কৃতির সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর। অসমে আসার সঙ্গে তাঁর বহু পুরনো স্মৃতিও জড়িয়ে রয়েছে বলে জানান তিনি।
অসমীয়া ছবি ‘ডাবল বিয়া’-তে অভিনয়ের জন্য পাঁচ দিনের সফরে অসমে এসেছেন রাজপাল। এই ছবির মাধ্যমেই প্রথম বার কোনও অসমীয়া চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি।
ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন রিন্টু মণি বরুয়া। সুব্রত কাকতির প্রযোজনায়, এসইউভি ফিল্মসের ব্যানারে তৈরি হতে চলা ছবিটি হাস্যরসধর্মী।
সফরে মা কামাখ্যা মন্দির দর্শনের পাশাপাশি জুবিন ক্ষেত্র পরিদর্শনেরও পরিকল্পনা করেছেন রাজপাল। এর পরে ছবির দৃশ্যগ্রহণের জন্য তিনি গোলাঘাট যাবেন।
গত ১৫ নভেম্বর গোলাঘাটে ‘ডাবল বিয়া’র শুভ মহরত হয়েছে। ছবিতে রাজপাল যাদব ছাড়াও ত্রৈলোক্য বরুয়া, বলিন বরুয়া, উজ্জ্বল রাজখোয়া, নিতু খনিকর ও চুমকী কছারি-সহ একাধিক অসমীয়া অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন।