গুয়াহাটি, ২৬ নভেম্বর: জুবিন গর্গের শেষ ছবি ‘রৈ রৈ বিনালে’র আয়-ব্যয়ের সম্পূর্ণ হিসাব প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা আই ক্রিয়েশন এবং জিল ক্রিয়েশন। প্রকাশিত হিসাব অনুযায়ী, ছবিটির মোট আয় ৪৩ কোটি ২ লক্ষ ৪১ হাজার ৫৩৯ টাকা।
এর মধ্যে প্রযোজনা সংস্থার প্রাপ্ত আয়ের পরিমাণ ২১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৬১৯ টাকা। আন্তর্জাতিক বাজার থেকে প্রযোজনা সংস্থা পেয়েছে ৩১ লক্ষ ৭৬ হাজার ৫১ টাকা। বাকি অর্থ প্রেক্ষাগৃহের মালিকদের অংশ হিসেবে গিয়েছে বলে জানানো হয়েছে।
ছবিটি নির্মাণে মোট খরচ হয়েছে ৩ কোটি ৫৪ লক্ষ ৩৫ হাজার ৮৫৬ টাকা। আই ক্রিয়েশনের বিনিয়োগ ছিল ৮১ লক্ষ ১৭ হাজার ৫২৪ টাকা এবং জিল ক্রিয়েশনের ১ কোটি ৯৩ লক্ষ ৬৫ হাজার টাকা। বাকি ৭৯ লক্ষ ৫৩ হাজার ৩৩২ টাকা ছবির আয় থেকেই খরচ করা হয়েছে।
প্রকাশিত হিসাব অনুসারে, জিএসটি বাবদ ৩ কোটি ৭৯ লক্ষ ৩ হাজার ৫৫৫ টাকা, পরিবেশন খাতে ১ কোটি ৬ লক্ষ ২৪ হাজার ২৮১ টাকা, ভিপিএফ চার্জ হিসেবে ৪৩ লক্ষ ১৮ হাজার ২৮৩ টাকা এবং আয়কর বাবদ ৪ কোটি ৯৬ লক্ষ ১৯ হাজার ৮০ টাকা দেওয়া হয়েছে।
সমস্ত খরচ ও কর মেটানোর পরে ছবিটির মোট লাভ হয়েছে ৭ কোটি ৭৭ লক্ষ ৬১ হাজার ১১৪ টাকা। আই ক্রিয়েশন ও জিল ক্রিয়েশন—দুই সংস্থারই লাভের অংশ ৩ কোটি ৮৮ লক্ষ ৮০ হাজার ৫৫৭ টাকা করে।
জুবিন গর্গের প্রতিষ্ঠা করে যাওয়া কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনে ২ কোটি ৯৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রযোজনা সংস্থা। অসম সরকারের সাংস্কৃতিক বিষয়ক দফতরের এফএস-সিএ-২০২৫-২৬-০০২৩৩ নম্বর প্রস্তাব অনুসারে ফাউন্ডেশনটি এই অর্থ পেয়েছে। সংস্থার বক্তব্য, সামাজিক কাজ, আর্থিক সাহায্য, নতুন প্রজন্মের জন্য প্রকল্প এবং অন্যান্য অনুষ্ঠানে ওই অর্থ ব্যয় করা হয়েছে।
দর্শকদের ভালবাসা ও অভূতপূর্ব সাড়ার জন্য অসমবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আই ক্রিয়েশন এবং জিল ক্রিয়েশন।